অনুসন্ধান শুরুর আগেই এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ বুধবার সকালে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ৪ নভেম্বর রিটের শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেছিল আদালত।
তারও আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন।
এ ব্যাপারে আসিফ মাহমুদের আইনজীবী ইউসূফ আলী বলেন, দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।
