আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ তুলে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা জামায়াতের উদ্যোগে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক মজমপুর গেট ঘুরে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ
কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল শেষে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার প্রমুখ।
আইনশৃঙ্খলা ও হামলার নিন্দা
সমাবেশে সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। খুন, হত্যা, রাহাজানি ও সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ আতঙ্ক ও উদ্বেগের মধ্যে চলাফেরা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বুধবার রাতে কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও গুলিবর্ষনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবি
অন্যদিকে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আর দেশে ফিরে আসার সুযোগ নেই। স্বৈরাচারী শাসনের পরিণতি জনগণ নির্ধারণ করে দিয়েছে। এ সময় তিনি দেশব্যাপী হত্যা, গুম ও রাহাজানির ঘটনায় নিন্দা জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
কুষ্টিয়ার বালুমহলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, সরকারি দলের ছত্রচ্ছায়ায় চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত নেতারা।
