বিডি গ্লোবাল ডেস্ক,
সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাঁদপুর জেলার সদর উপজেলার সুহেল আহমদ (৩২) ও একই জেলার মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের চাঁনপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স, সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস ও শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে হাইয়েস মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ ঘটনাস্থলেই মারা যান এবং যানবাহনগুলোর যাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার পর আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলামের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের এসআই জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
