শৈলকূপায় ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

বিডি গ্লোবাল ডেস্ক,

ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী মো: মিরাজ বিশ্বাসকে (৪০) হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী মোছাম্মৎ সুমাইয়া খাতুনের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মিরাজ শৈলকূপা উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের আবু বকর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত সুমাইয়া যশোরের দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যান। পরে সুমাইয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। মিরাজের প্রথম পক্ষের সন্তানদের সাথে সুমাইয়া বিরূপ আচরণ করত বলে অভিযোগ রয়েছে।

আহত মিরাজ জানান, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে চড় মারেন।

এর জেরে রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করেন। তার চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমাইয়াকে পুলিশ হেফাজতে নেন।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ,আর