বিডি গ্লোবাল ডেস্ক,
খালার বাড়িতে বেড়াতে গিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রাণ হারাল ১২ বছরের শিশু তামিম। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তামিম লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বীরোপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে। সে বীরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তিন ভাইবোনের মধ্যে তামিম মেজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার তামিম খালার বাড়িতে বেড়াতে আসে। সোমবার খালাতো ভাই সিয়ামের সঙ্গে বিলমাড়ীয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায় তামিম।
দুপুর সাড়ে ১২টার দিকে ঘাট থেকে নদীতে লাফ দিলে সে পানিতে তলিয়ে যায়। এ সময় খালাতো ভাই সিয়াম ও ঘাটে উপস্থিত লোকজন চিৎকার করে তাকে খুঁজতে শুরু করেন। পরে খালার বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে বেলা ১টার দিকে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুল বারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গাড়িতে করে দ্রুত তামিমকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ,আর
