ভেড়ামারায় ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

বিডি গ্লোবাল ডেস্ক,

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশিদুল ইসলাম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভোড়ামারার ১২ মাইল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল ইসলাম দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নতুন আমদহ গ্রামের ছোয়াদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রাকটি লালনশাহ ব্রিজের দিক থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি বিপরীত দিক ভেড়ামারা থেকে কুষ্টিয়ার রাস্তায় উঠছিল। আর দ্রতগতির একটি মোটরসাইকেল কুষ্টিয়া থেকে ১২ মাইল মোড়ের দিকে আসছিল।

প্রথমে সিএনজি আর মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। মোটরসাইকেলের আঘাতে সিএনজির ভেতরের সিটে বসে থাকা যাত্রী রাশিদুল ইসলাম সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসাপাতালে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায় রাশিদুল ইসলামকে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়দুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।