ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের কাছে দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় বেশির ভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়।
এক যাত্রী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি। বাস থেকে বেরোনোর কাজটা সহজ ছিল না। কারণ চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। কোনো রকমে আমরা বাইরে বেরিয়ে আসি।’
আগুন লাগার বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই বাসের মধ্যে হইচই শুরু হয়। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী। বাসের ভেতরে কোনো যাত্রী আটকে আছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
Read this report in English · ইংরেজি সংস্করণ
