ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর

প্রতিবেদন:

·

,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নিতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। আগ্রহী গ্র্যাজুয়েটরা ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের আবেদনপ্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনের প্রথম ধাপ শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। আবেদন ফি পরিশোধের শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি ২০২৭ সকাল ১১টায় ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবর্তনে বক্তৃতা দেবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। ২০২২ সালের ৫৩তম সমাবর্তনে যেসব ফলাফল অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এবার অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সমাবর্তনের প্রস্তুতি হিসেবে সম্প্রতি সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ