জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

প্রতিবেদন:

·

,

জলবায়ু পরিবর্তনজনিত অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জলবায়ু অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরারজ্যে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জলবায়ু বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি র‌্যাচেল কাইটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

কার্বন বাজার এবং সবুজ ও নীল অর্থনীতিতে (গ্রিন অ্যান্ড ব্লু ইকোনমি) বিনিয়োগের সুযোগের পাশাপাশি জলবায়ু সহনশীলতা জোরদার ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার উপায়গুলো আলোচনায় উঠে আসে।

শামা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করার ক্ষেত্রে বাংলাদেশের চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।

উভয় পক্ষ নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম প্রভাব নিয়ে মতবিনিময় করেছে এবং জলবায়ু-সংক্রান্ত প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাগুলো খতিয়ে দেখেছে।

এছাড়া, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপ দেয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

বৈঠকে আসন্ন ‘কপ৩১’-এর অগ্রাধিকার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। যেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেয়া হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত এ সময় উপস্থিত ছিলেন।

Read this report in English · ইংরেজি সংস্করণ