গাংনীতে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জুয়ারি আটক

প্রতিবেদন:

·

, ,

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জুয়ারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন, ৫টি সিমকার্ড এবং নগদ ১০ হাজার ২শত ৮০ টাকা জব্দ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত আনুমানিক ১টা ১০ মিনিটে র‍্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানাধীন রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রবিউল হকের ছেলে আনোয়ার (৩৫) এবং একই এলাকার ষোলটাকা ইউনিয়নের বাসিন্দা বাবুল হোসেনের ছেলে মো: হাসান (১৯)।

র‍্যাব জানায়, আনোয়ারের নিজস্ব গরুর খামারের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে 1XBET প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‍্যাব।

এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম স্বাক্ষরিত রাত সাড়ে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ