বিডি গ্লোবাল ডেস্ক,
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করেছে এসআরবি-১১।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)-এর সদস্যরা তাকে গ্রেফতার করেন।
এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সঙ্ঘটিত দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্য বন্দীদের সাথে তিনিও পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে ৬ আগস্ট সকালে কারাবন্দীরা সঙ্ঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করেন। একপর্যায়ে তারা কারারক্ষীদের জিম্মি করেন। পরে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।
এসআরবি জানায়, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন। পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন তিনি। পরে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।
এসআরবি আরো জানায়, ২০০৯ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারায় করা ওই মামলায় আবু মোকারম ছিলেন এক নম্বর আসামি।
পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে রাখেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেফতার আসামি আবু মোকারম চট্টগ্রামের চন্দ্রনাইশ থানার উত্তর বরকল গ্রামের আবু তালেবের ছেলে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ,আর
