শিক্ষা ডেস্ক:
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগের সুপারিশের ক্ষমতা আবারও পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরেছে। এ বিষয়ে মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নতুন পরিপত্র জারি করেছে। একই সঙ্গে এ-সংক্রান্ত ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের পরিপত্র বাতিল করা হয়েছে।
নতুন পরিপত্র অনুযায়ী, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও স্নাতক (পাস) কলেজে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগের সুপারিশ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমেই হবে।
এর আগে ২০২৫ সালের পরিপত্রে এসব পদে নিয়োগের সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির ওপর ন্যস্ত করা হয়েছিল। নতুন পরিপত্রে সেই নির্দেশনা বাতিল করায় অশিক্ষক কর্মচারী নিয়োগে আগের ব্যবস্থাই পুনর্বহাল হলো।
Read this report in English · ইংরেজি সংস্করণ
