বিডি গ্লোবাল ডেস্ক,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মদ (৩৯) নামের এক এজেন্ট ব্যবসায়ীকে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামারের ওই ব্যবসায়ীর বাড়ির নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুর মোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের খামারের মেসার্স সাহা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় নয়ন টেলিকম স্টোর নামের ব্যবসায় প্রতিষ্ঠানে বিকাশ ও রকেট এজেন্ট ব্যাংকিং ব্যবসা করেন। দুর্বৃত্তরা তাকে নিজ বাড়ির সামনে আহত অবস্থায় ফেলে রেখে তার নিকটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
নুর মোহাম্মদের বড় ভাই নুরন্নবী বলেন, ‘সোমবার রাতে নুরমোহাম্মদ দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিল। তার বাড়ি ফিরতে দেরি দেখে আমাদের মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে নুর মোহাম্মদকে আহত অবস্থায় বাড়ির নিকটস্থ রাস্তায় পড়ে থেকে কাতরাতে দেখেন।’
তিনি আরো জানান, ঘটনার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাঁটুতে আঘাত করে। তার কাছে থাকা সারাদিনের ব্যবসার টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে হাসপালতালে নেয়ার পথে তাকে থানায় নেয়া হয়েছিল। সেখানে ছবি তুলে রেখেছে এবং আগে চিকিৎসা করাতে বলেছে।’
মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নুর মোহাম্মদের জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার বড় ভাই।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর
