বিডি গ্লোবাল ডেস্ক,
কুড়িগ্রামের উলিপুরে মোকছেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় রায়হান কবীর রাব্বী (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উলিপুর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ রানা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হত্যার পর ঘটনা গোপন করার উদ্দেশ্যে বাচ্চু মিয়ার লাশের দুই পা বিচ্ছিন্ন করা হয়। পরে সেগুলো একটি সবুজ রঙের ট্রাভেলিং ব্যাগে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও এর সাথে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতার রায়হান কবীর রাব্বী একই গ্রামের মিঠু মিয়ার ছেলে। তিনি নিহত বাচ্চু মিয়ার ভাতিজার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে দিবাগত রাত ২টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার ছেলে আব্দুল মোতালেব মিয়া উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের পর কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়ার পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং একাধিক স্থানে অভিযান চালানো হয়। এসব তৎপরতার ধারাবাহিকতায় রাব্বীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ধরনীবাড়ী ইউনিয়নে আহসান হাবিবের বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে চাপাতিটি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ রানা বলেন, হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত রয়েছেন কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় মিঠু মিয়ার বাড়ির একটি শয়নকক্ষ থেকে বাচ্চু মিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া রংপুরের মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ কলাবাড়ি এলাকার মরহুম সজর উদ্দিন সরকারের ছেলে। রংপুর থেকে গ্রামের বাড়ি উলিপুরে বেড়াতে এসে তিনি ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেই বাড়ি থেকেই তার লাশ উদ্ধার করা হয়। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
