বিডি গ্লোবাল ডেস্ক,
কিশোরগঞ্জের ভৈরবে নিজ জমিতে ইঁদুর তাড়ানোর জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির মরহুম মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলকান্দি গ্রামে নিজেদের জমিতে ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষার্থে ধানের গুছিতে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন সাইদুর রহমান। প্রতিদিন রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে তা বন্ধ করতেন। সোমবার সকালেও প্রতিদিনের মতো সংযোগ বন্ধ করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ,আর
