বিডি গ্লোবাল ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ ইখতারা সরকার (৩০) নামে ওই গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীরের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের পাশাপাশি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। প্রায় দেড় মাস আগে মারধরের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার হুমকি দেন। পরদিন ভোরে ফজরের নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন।
ইখতারার গলা ও কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ওসি মো: আনিসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’ এ,আর
