রাজনীতি

  • ভারতের মুসলিমদের নিয়ে সোচ্চার হতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ভারতের মুসলিমদের নিয়ে সোচ্চার হতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বাংলাদেশের হিন্দুদের অধিকার রক্ষার পাশাপাশি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়েও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    শুক্রবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

    স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হিন্দুদের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার নিয়ে অনেকেই কথা বলেন না। একইভাবে ভারতে মুসলিম পরিচয়ের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়েও অনেকে নীরব থাকেন। তিনি বলেন, “অধিকার ও ন্যায়বিচার কখনো ধর্ম, জাতি কিংবা সীমান্তের পরিচয় দেখে নির্ধারিত হতে পারে না। বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে যেমন সোচ্চার হতে হবে, তেমনি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়েও কথা বলতে হবে। ”

    নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “মসজিদ-মাদ্রাসা, মন্দির-গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ দখলের বিরুদ্ধে একই অবস্থান থাকতে হবে। ধর্মীয় পরিচয় যা-ই হোক, কারও সম্পদ দখল কিংবা অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    তিনি বলেন, “অন্যায়ের বিরুদ্ধে অবস্থান হতে হবে সর্বজনীন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সবার জন্য। ”

  • আমাদের মূল লক্ষ্য জান্নাতে যাওয়া: জামায়াত আমির

    আমাদের মূল লক্ষ্য জান্নাতে যাওয়া: জামায়াত আমির

    রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এমপি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাত লাভ করা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছে, যারা দিন আনে দিন খায়। আল্লাহর পথে দিনমজুর ও মেহনতি মানুষের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি রুকনদের উদ্দেশে অতীতের দায়িত্বশীলদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং বর্তমানের স্বাধীন কর্মপরিবেশে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং নবী ইবরাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণ করে প্রতি মুহূর্তে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ আমাদের ভোট দিলেও তা রক্ষা করা যায়নি। এটি আমাদের নিজেদের দুর্বলতা ছিল। অতীতের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করে আগামীতে একই ভুলের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকতে হবে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, আমরা বসে বসে তামাশা দেখব না; যেখানে সামর্থ্য থাকবে, সেখানেই সংগত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। সম্মেলন শেষে তিনি ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা সংবলিত ‘নাগরিক সেবা’ নামক একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি বা ক্ষমতা নয়, এটি জীবন ও নীতি-নৈতিকতার একটি মানদণ্ড। রুকন হিসেবে আমাদের মান ও রুহানিয়াত যত শক্তিশালী হবে, সংগঠন তত মজবুত হবে।

    ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।

    সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন সদস্য ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন; তাঁকে সহায়তা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির। এরপর বেলা ১১টা থেকে শুরু হয় মূল সাংগঠনিক সেশন।

  • সরকারের আচারণ ক্ষমতার থাকার মত নয়  : ১১ দলীয় ঐক্য

    সরকারের আচারণ ক্ষমতার থাকার মত নয় : ১১ দলীয় ঐক্য

    ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার, এমন অভিযোগ করলেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তার দাবি, এখানে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তারা খবর পাচ্ছেন।

    আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

    জামায়াত নেতা আযাদ বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকারকে মাগুরার নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মাগুরার নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি কালো অধ্যায়। ওই নির্বাচনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলন হয়েছিল, যা পরে চূড়ান্ত রূপ নিয়েছিল। ’

    সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘সরকার যদি ক্ষমতায় থাকতে না চায়, তাহলে আমরা তো জোর করে ক্ষমতায় রাখতে পারব না। ’ সরকারের বিভিন্ন আচরণে অজুহাত তৈরি করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে মাগুরার নির্বাচনের মতো ঘটনার পুনরাবৃত্তি তারা চান না উল্লেখ করে এ ধরনের কোনো অশুভ পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসার আহ্বান জানান।

    দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে জামায়াতের এ নেতা বলেছেন, দুর্নীতির পথগুলো বন্ধ করতে হবে। এ জন্য দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের পাশাপাশি গুম-খুন প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের কথাও তারা বলেছেন।

    প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াত নেতা আযাদ বললেন, প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে। পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

    ‘মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলন অতীতের ফ্যাসিবাদী আমলে মেধা হত্যার বিষয়টি স্মরণ করিয়ে দেয়। কিন্তু বর্তমান সরকারও একই পথে হাঁটছে। ’

    ‘এখন মেধার পরিবর্তে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে’, অভিযোগ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এ সমন্বয়কের।

    নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় শামসুল আলমের নিয়োগকে দলীয়করণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন আযাদ।

  • দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে

    দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় ৪ দিনের রিমান্ডে

    বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    চব্বিশের জুলাই আন্দোলনে আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

    বুধবার (২১ অক্টোবর) দিলীপ কুমার আগরওয়ালাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

    মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সুমন মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    উত্তরা পশ্চিম থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) গুলশান থানায় মানিলন্ডারিং আইনে করা মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

    আ. জব্বার হত্যাচেষ্টা মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় আগরওয়ালা এজাহারনামীয় ৩১ নম্বর আসামি।

  • প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

    প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

    দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

    বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই ছাত্রলীগ নেতাও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হন। পরিদর্শনের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

    ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রলীগ নেতাকে খুঁজতে থাকেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতা পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান তানভীর।

    মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা

    ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা

    আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

    মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে জনসভায় ডিজিটাল বোতাম চেপে একযোগে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

    প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন।

    এর আগে বিকাল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাকে স্বাগত জানান।

    জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

    জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

    সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

  • জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

    আজ সোমবার বেলা ১১টার দিকে ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অত্যন্ত আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এ সময় পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।

    হাইকমিশনার এ সময় বিরোধীদলীয় নেতাকে নোলেজ করিডোর প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে দেশটির উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও বৈঠকে জানানো হয়।

    বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

    একই সঙ্গে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

    এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল।

  • ধামরাইয়ে সাবেক কাউন্সিলর আরিফ গ্রেপ্তার

    ধামরাইয়ে সাবেক কাউন্সিলর আরিফ গ্রেপ্তার

    ঢাকা জেলার ধামরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

    আরিফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

    ডিবি পুলিশ জানায়, আরিফুল ইসলাম আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

    সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাকে হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়ে

  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

    এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

    সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, অতীতে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, বর্তমান নিয়ম অনুযায়ী সেভাবেই তারা অংশ নিতে পারবেন।

    সরকার একটি সুষ্ঠু ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান।

    মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজে লিপ্ত হন, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

    এর আগে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তারা জুলাইকে ধারণ করেন না ‘আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা আসেননি।’

    তারা জুলাইকে ধারণ করেন না ‘আমন্ত্রণ পেয়েও বিরোধীদলীয় নেতা আসেননি।’

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের সঙ্গে বিরোধী দলের দূরত্ব থাকতে পারে, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকারী ও শহীদ পরিবারের পাশে না এসে তারা স্পষ্ট করে দিয়েছে, তারা জুলাইকে ধারণ করেন না।

    জুলাই স্মৃতিস্তম্ভে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ না নেয়ায় ক্ষোভ জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (১৯অক্টোবর) ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নব-নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

    বক্তব্যের শুরুতেই বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই আয়োজন জুলাইয়ের আত্মত্যাগকারী মানুষদের সম্মান জানানোর জন্য। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিরোধীদলীয় নেতাসহ বিরোধী দলের শীর্ষ ব্যক্তিদেরও যথাযথভাবে দাওয়াত দেওয়া হয়েছিল। আপনারা সরকারি মঞ্চে না বসলেও পারতেন, কিন্তু যাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে এসে তো বসতে পারতেন।’

    তারেক রহমান স্পষ্ট করে বলেন, ‘সরকারের সঙ্গে আপনাদের রাজনৈতিক দূরত্ব আছে, সেই দূরত্ব থাকুক—তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে মানুষগুলো জীবন উৎসর্গ করল, যারা আহত হলো, চোখ হারাল—যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন, সেই বীরদের মাঝেও আপনারা এলেন না। আজ যদি আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতেন, তবে আমরা বুঝতে পারতাম বিএনপি যেভাবে জুলাইকে ধারণ করে, আপনারাও জুলাইকে সেভাবেই হৃদয়ে ধারণ করেন। কিন্তু আপনাদের অনুপস্থিতি প্রমাণ করে আপনারা জুলাইকে ধারণ করেন না।’

    তিনি আরো যোগ করেন, জুলাই আন্দোলনের রক্তস্নাত ইতিহাস ও জুলাই শহীদদের অবদানকে পাশ কাটিয়ে যাওয়ার এই রাজনৈতিক মানসিকতা অত্যন্ত হতাশাজনক। এর মাধ্যমে বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও সাধারণ মানুষের গভীর অনুভূতির প্রতি চরম অনীহা প্রদর্শন করেছে।