আর্ন্তজাতিক

  • চ্যাম্পিয়ন্স লিগে হেরেও নতুন রেকর্ড বার্সেলোনার

    চ্যাম্পিয়ন্স লিগে হেরেও নতুন রেকর্ড বার্সেলোনার

    চ্যাম্পিয়নস লিগে পরাজয়ের পরও নতুন রেকর্ড গড়েছে লা-লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। গত রাতে প্যারিসের পার্ক দ্যে প্রাঁসে বার্সেলোনা হেরেছে পিএসজির কাছে। ম্যাচের ফল ৪-২।

    এই হারের মধ্যেই বার্সা একটি রেকর্ড গড়ে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা এর আগে কেউ করতে পারেনি।

    এই মৌসুমে প্রথমবার কোনো প্রতিযোগিতায় হারল কোচ হান্সি ফ্লিকের দল। অথচ দ্বিতীয়ার্ধে তারা দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। প্রথমে এগিয়ে যায় পিএসজি। গোল করেন দেজিরে দুয়ে। পরে লুকাস এরনান্দেজ আবার তাদের এগিয়ে দেন। দুবারই সমতা ফেরায় বার্সা। প্রথম সমতার গোলটি করেন শাভি এসপার্ত। এই মৌসুমে তিনি নিয়মিত মূল দলে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। তখন ম্যাচ ২-২ হয়ে যায়।

    কিন্তু শেষ দিকে খেলা ঘুরে যায়। নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে গোল করেন ভিতিনহা ও ফাবিয়ান রুইস। এই দুই গোলেই জয় নিশ্চিত হয় লুইস এনরিকের দলের। ম্যাচটি ছিল বেশ কঠিন লড়াই।

    বার্সার হার হয়েছে ঠিকই। তবে ফ্লিকের একাদশ বাছাইয়ের কারণে ক্লাবটির নামে একটি অসাধারণ রেকর্ড বসেছে। পরিসংখ্যান সংস্থা অপটাজো’র তথ্য অনুযায়ী, বার্সাই এখন প্রথম ও একমাত্র ক্লাব, যারা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারীর বিপক্ষে শুরুর একাদশে চারজন কিশোর খেলোয়াড় নামিয়েছে।

    এসপার্ত ও ইয়ামাল ছাড়াও একাদশে ছিলেন পাউ কুবার্সি ও মার্ক বের্নাল। জার্মান কোচ চারজনকেই শুরু থেকে নামান। দ্বিতীয়ার্ধে বের্নাল ও এসপার্তকে তুলে নেওয়া হয়।

    চাইলে আরও দুই কিশোরকে নামাতে পারতেন ফ্লিক। বেঞ্চে ছিলেন ১৮ বছর বয়সী ডিফেন্ডার আলেক্স কাম্পোস ও স্ট্রাইকার হামজা আবদেলকারিম। কিন্তু দুজনের কেউই মাঠে নামেননি। মিশরের জাতীয় দলের খেলোয়াড় আবদেলকারিম এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে দুটি ম্যাচ খেলেছেন। স্পেনের যুব দলের খেলোয়াড় কাম্পোস এখনো অভিষিক্তই হননি। এই মৌসুমে তিনি বার্সেলোনা বি দলের হয়ে উয়েফা ইউথ লিগে খেলছেন।

  • ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছালো রূপপুরে

    ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছালো রূপপুরে

    রূপপুরে পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। আজ বুধবার সকাল ১০টা ০৫ মিনিটে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।

    বিষয়টি নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।

    মঙ্গলবার দিনগত রাতে পারমাণবিক জ্বালানি বহনকারী বিমানটি রাশিয়া থেকে ঢাকায় পৌঁছায়। জ্বালানিবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা তা বুঝে নেন।

    বুধবার ভোরে তিনটি লরিতে বিমানবন্দর থেকে রূপপুরের পথে রওনা হয় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় যমুনা সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।

    এ সময় মহাসড়কের প্রতিটি মোড়ে পুলিশের উপস্থিতি দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

    পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিশেষ নিরাপত্তা বলয়ে ঢাকা থেকে সড়কপথে এই ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রওনা হয়। এ সময় মহাসড়কটি যানজটমুক্ত রাখতে সাময়িকভাবে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়।

    সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে বাড়তি ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আনার কথা ছিল। তারই অংশ হিসেবে আজ ইউনিটের দ্বিতীয় চালান আনা হলো। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও ৮টি ফ্লাইটে রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এসব চালান দেশে আসবে।

    রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে।

    এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পৌঁছে প্রথম ইউনিটের জ্বালানি। ওই বছরের অক্টোবর ও নভেম্বর আরও ৪টি চালানে রূপপুর পৌঁছেছিল প্রথম ইউনিটের জ্বালানি। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

    তবে প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ কারণে চলতি মাসের ৩ অক্টোবর দুপুরে রূপপুরে প্রথম ইউনিটের বাড়তি চালানের ইউরেনিয়াম আনা হয়েছিল। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে।

    আগামী নভেম্বরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে।

    ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় সড়ক পথে রূপপুরে ইউরেনিয়ামবাহী দ্বিতীয় চালানের গাড়িবহর এসে পৌঁছেছে।

  • মেসি এই বয়সে যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

    মেসি এই বয়সে যেভাবে খেলছে ‘অবিশ্বাস্য’

    ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার এই কিংবদন্তি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলে না খেললেও ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।

    শনিবার রাতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। একক দক্ষতায় দুটি গোল করেছেন মেসি।

    তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে খেলা শেষে ইন্টার মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেছেন, ‘মেসি প্রতি বারই গোটা বিশ্বকে অবাক করে দিতে পারে। ৩৯ বছরে এসে কেউ এ রকম ফুটবল খেলছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না।’

    শনিবারের ম্যাচের প্রথমার্ধের একিবারে শেষ মুহূর্তে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন জার্মান বারটেরাম। সেই গোলের ক্ষেত্রে পাস ছিল মেসির। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন আর্জেন্টিনার সুপারস্টার।

    খেলার ৫৬ মিনিটে ডান প্রান্ত থেকে বল নিয়ে গোলের জন্য ছুটেন মেসি। পেনাল্টি বক্সে ঢুকে বিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করেন তিনি।

    ৬০ মিনিটে একই কায়দায় আবার গোল করেন মেসি। এবার লুই সুয়ারেজের পাস থেকে পেয়ে এগিয়ে যান মেসি। সামনে আটলান্টার ডিফেন্ডার চলে এলেও মেসিকে আটকাতে পারেননি। বিপক্ষের গোলকিপার লুকাস হোয়োসকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। পরে আটলান্টার হয়ে একটি গোল করেন ফাফা পিকল্ট।

  • বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সাক্ষাৎ

    বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে কর্মকর্তাদের সাক্ষাৎ

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও চার সহ-সভাপতি।

    ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।

    ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি।

    এ বিষয়ে বাফুফে সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’

    দুপুর ২টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি। ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ঐ সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে থাকবেন।

    এর আগে ২০১৭ সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

  • বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা ফখর জামান

    বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান তারকা ফখর জামান

    পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান আগামী বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারব।’

    ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। তবে আগামী বছর বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।

    বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন জানিয়ে পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান বলেন ‘আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের উপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।’

    তারকা এই ওপেনার আরও জানান, ‘দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে মানুষ হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভালো খেললে সমর্থকদের ভালোবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।’

    বর্তমানে ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়ে এই তারকা ওপেনিং ব্যাটার বলেন, ‘বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভালো ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে।’

  • ‘ইয়ামালই বিশ্বসেরা’- বললেন নেইমার

    ‘ইয়ামালই বিশ্বসেরা’- বললেন নেইমার

    ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে লামিনে ইয়ামালকে বিশ্বের সেরা খেলোয়াড় দাবি করেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। বার্সেলোনার এই খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন লামিনেই বিশ্বের সেরা খেলোয়াড়।

    নেইমার বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইঁ, দুই ক্লাবেই কিংবদন্তী লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি নিজের পছন্দ পরিষ্কার করেন। পোস্টে ইয়ামালের চলতি মৌসুমের পরিসংখ্যানের সঙ্গে পিএসজিতে নেইমারের নিজের সেরা মৌসুমের তুলনা করা হয়েছে। স্পেনের এই তারকাকে ট্যাগ করে নেইমার লেখেন, ‘বিশ্বের সেরা।’

    নেইমার সোফাস্কোর প্ল্যাটফর্মের একটি পোস্ট শেয়ার করেন। সেখানে এ মৌসুমে ১০ ম্যাচে ইয়ামালের আট গোল ও নয় অ্যাসিস্টের কথা তুলে ধরা হয়েছে। গতকাল রিয়াল বেটিসকে ৫-২ গোলে হারানোর ম্যাচে ইয়ামাল আরও এগিয়েছেন। তিনি প্রথম গোলটি করেন এবং আরেকটি গোলে সহায়তা করেন।

    নেইমার ২০১৭-১৮ মৌসুমে পিএসজিতে প্রথম মৌসুম কাটান। সেবার ২৭ ম্যাচে তার গোল ছিল ২৫টি আর অ্যাসিস্ট ১৬টি। শেয়ার করা তুলনা অনুযায়ী, সোফাস্কোরের রেকর্ডে সবচেয়ে বেশি রেটিং আছে এই দুজনের। তালিকার সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে বার্সেলোনায় মেসির কয়েকটি মৌসুমও আছে।

    নেইমারের এই সমর্থন ইয়ামালের জন্য বাড়তি গুরুত্ব রাখে। ইয়ামাল বহুবার নেইমারকে নিজের আদর্শ বলেছেন। তার খেলার ধরনেও নেইমারের প্রভাব আছে বলে তিনি জানিয়েছেন। ইয়ামালের ঝলক, ড্রিবলিং ও সৃজনশীলতায় প্রায়ই নেইমারের ছায়া দেখা যায়।

    ১৯ বছর বয়সী ইয়ামাল ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছেন। বার্সেলোনা ও স্পেনের হয়ে তিনি ধারাবাহিকভাবে নজর কাড়ছেন। অনুষ্ঠানের অপেক্ষায় থাকা ফুটবলবিশ্বে নেইমারের প্রকাশ্য সমর্থন তাকে ঘিরে আলোচনা আরও বাড়াল।

    ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান হবে ২৬ অক্টোবর। এবার আয়োজন লন্ডনের প্যালাডিয়ামে। এত দিন প্যারিসেই এই অনুষ্ঠান হয়ে আসছিল। এবার তার ব্যতিক্রম হচ্ছে।

    বার্সেলোনার অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে ইয়ামাল আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যাকে দেখে বড় হয়েছেন, সেই নেইমারের স্বীকৃতি তার উত্থানের পথে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।

  • যুক্তরাষ্ট্রে নায়িকা মৌসুমীর স্বপ্নপূরণ

    যুক্তরাষ্ট্রে নায়িকা মৌসুমীর স্বপ্নপূরণ

    কয়েক বছর ধরে বড়পর্দায় অনিয়মিত চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণ হলো এই নায়িকার।

    একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা।

    তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন তিনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। এত দিন সেখানে থাকলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি ছিল না মৌসুমীর। গ্রিন কার্ড পাওয়ায় এবার সেই অপেক্ষার অবসান হলো।

    যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

    ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। প্রথম সিনেমা দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে দেশের অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

    দীর্ঘ অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি।
    সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গেও সফল জুটি গড়েছেন মৌসুমী।

    অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। ২০০৬ সালে নির্মাণ করেন ‘মেহের নিগার’। এ ছাড়া তাঁর পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘শূন্য হৃদয়’ ও ‘ভালোবাসবোই তো’।

    মৌসুমীর জনপ্রিয় সিনেমার তালিকায় আরও রয়েছে ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘প্রথম প্রেম’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী’, ‘বধূ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘ভাংচুর’, ‘সাজন’, ‘বিশ্ব প্রেমিক’, ‘গরিবের রানি’, ‘রাক্ষস’, ‘আদরের সন্তান’, ‘সুখের ঘরে দুঃখের আগুন’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’ ও ‘গোলাপী এখন বিলাতে’।

    দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই নায়িকা এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

  • সাফে খেলবে তো ভারত?

    সাফে খেলবে তো ভারত?

    টুর্নামেন্টের সূচি চূড়ান্ত। ছয় দলের অংশগ্রহণ নিশ্চিত। তবুও আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কেমন দল নিয়ে খেলবে, তা এখনো অজানা। বর্তমান চ্যাম্পিয়নদের অংশগ্রহণ না করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

    সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অবশ্য জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো বার্তা দেয়নি। তবে মাঠের প্রস্তুতি ও দল গঠন নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।

    ভারতের সামনে বড় বাধা আন্তর্জাতিক সূচির সংঘাত। ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক বিরতিতে নিউজিল্যান্ড সফরে যাবে দেশটির জাতীয় দল। সেখানে ১২ ও ১৫ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের।

    অথচ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৫ থেকে ১৭ নভেম্বর। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ভারতের। তাদের প্রথম ম্যাচটি ফিফার আন্তর্জাতিক বিরতির আগেই। এই সময়ে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। চলমান ঘরোয়া মৌসুমের ব্যস্ততার মধ্যে ভারতীয় সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলোও তাদের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে অনাগ্রহী। ফলে সিনিয়র দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে সাফে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য।

    এই পরিস্থিতিতে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিকল্পও ভেবেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। কিন্তু সেই পরিকল্পনাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবগুলো। সম্প্রতি যুক্তরাজ্যে ইউনিটি কাপের ক্যাম্প থেকে মোহনবাগান নিজেদের খেলোয়াড়দের ফিরিয়ে নেওয়ার পর দুর্বল দল নিয়ে খেলতে গিয়ে বিপর্যস্ত হয়েছিল ভারত। তবে বয়সভিত্তিক দল নিয়ে সাফে ভালো করার অভিজ্ঞতা তাদের আছে। ২০০৯ সালে ঢাকায় অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েই শিরোপা জিতেছিল দলটি।

    ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয় দলটির নাম প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর। সাফ এক বিবৃতিতে সেই খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেছে। সংস্থাটি জানিয়েছে, এআইএফএফের কাছ থেকে সরে দাঁড়ানোর কোনো বার্তা আসেনি। ঘোষিত ছয় দলকে নিয়েই নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সাফের বক্তব্যে ভারতের দল নিয়ে প্রশ্নের উত্তর মিলছে না।

    টুর্নামেন্ট শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি, অথচ এখনো দল ঘোষণা করেনি এআইএফএফ। নিউজিল্যান্ড সফরের জন্য সিনিয়র দলকে প্রস্তুত করা এবং ঘরোয়া ক্লাবগুলোর অনীহার মধ্যে শেষ পর্যন্ত ঢাকায় ভারত নিজেদের সেরা দল, নাকি অনূর্ধ্ব-২৩ দল পাঠায়, সেটিই এখন দেখার বিষয়।

  • ঢাকায় আসছেন ফিফা সভাপতি?

    ঢাকায় আসছেন ফিফা সভাপতি?

    আগামীকাল রোববার ভুটানের থিম্পু সফরে যাওয়ার কথা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর।

    সরাসরি থিম্পুর ফ্লাইট না থাকায় বাংলাদেশে যাত্রাবিরতি করতে পারেন ফিফা সভাপতি। থিম্পু যাওয়ার পথে ঢাকায় ট্রানজিট নেওয়ার সম্ভাবনা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের। তখনই এ বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানা গেছে। যাত্রাপথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন ফিফা সভাপতি। তবে ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি বাফুফে। তারপরও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

    এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে এবং তিনি চাইলে, যাতে দ্রুত ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যায়, সে বিষয়েই প্রস্তুতি রাখা হচ্ছে।
    ইনফান্তিনো যদি বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করেন, সে ক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতিরা। তবে সবকিছুই নির্ভর করছে ফিফা সভাপতির যাত্রাপথ ও ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

  • বাবার মতোই বিধ্বংসী শেবাগের ছেলে, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩

    বাবার মতোই বিধ্বংসী শেবাগের ছেলে, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩

    বীরেন্দর শেবাগের ব্যাটিংয়ের কথা মনে আছে? বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিতেন ভারতের সাবেক এই ওপেনার। বল বাউন্ডারিতে পাঠানোই যেন ছিল তাঁর সবচেয়ে প্রিয় কাজ। এবার বাবার সেই বিধ্বংসী ব্যাটিংয়ের ঝলক দেখালেন ছেলে আর্যবীর শেবাগ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়ক আর্যবীর। আজ চণ্ডীগড়ের বিপক্ষে খেলা তাঁর ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করেছে দিল্লি।

    ৮ অক্টোবর বিশাখাপট্টনমে শুরু হয়েছে ভিনু মানকড় ট্রফির এলিট পর্ব। এই টুর্নামেন্টে দিল্লি দলের নেতৃত্ব দিচ্ছেন আর্যবীর। গত সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছে তাঁর। এবার ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন।

    তবে অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে তাঁর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। আগের ম্যাচেই কর্ণাটক তাঁর দলের বিপক্ষে তুলেছিল ৪১৮ রান। জবাবে দিল্লি অলআউট হয়েছিল ২২০ রানে। সেই ম্যাচে আর্যবীর করেছিলেন ৩২ রান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। চণ্ডীগড়ের বিপক্ষে সেই আক্ষেপ যেন সুদে-আসলে মিটিয়ে দিলেন শেবাগপুত্র।

    আজ টসে জিতে ব্যাটিংয়ে নামা দিল্লিকে দারুণ শুরু এনে দেন আর্যবীর ও অর্নব বুগ্গা। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৯৮ রান। ৪৭ রান করে রূপেশ যাদবের বলে আউট হন অর্নব। এরপর ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি।

    ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে দিল্লির অধিনায়ক আর্যবীর।ইনস্টাগ্রাম

    তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আর্যবীর। উইকেটকিপার ব্যাটসম্যান অভিরাজ সিংয়ের সঙ্গে তৃতীয় উইকেটে যোগ করেন ৪৮ রান। অভিরাজ করেন ১৮ রান। একপর্যায়ে দিল্লির স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭৯।

    সেখান থেকে শান্তনু যাদবকে নিয়ে পঞ্চম উইকেটে আরও ৮৯ রান যোগ করেন আর্যবীর। শান্তনুর ব্যাট থেকে আসে ২৭ রান। শেষ পর্যন্ত ইনিংসের ৪৬তম ওভারে শ্রেষ্ঠ দুগ্গলের বলে আউট হন আর্যবীর। ততক্ষণে তাঁর নামের পাশে ১৭৩ রান। চণ্ডীগড়ের বোলারদের মধ্যে রূপেশ নেন ২ উইকেট। আর্যবীরের ব্যাটিংয়ের ঝড়টা বিশেষভাবে গেছে পার্থ গুপ্তার ওপর দিয়ে।

    বাবা বীরেন্দর শেবাগ আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মেজাজে ব্যাট চালাতেন। আর্যবীরের এই ইনিংসেও যেন সেই মানসিকতারই ছাপ। ১৪৩ বলের ইনিংসে শুধু চার ও ছক্কা থেকেই তুলেছেন ১২৪ রান।

    অবশ্য আর্যবীরের প্রতিভার পরিচয় এবারই প্রথম পাওয়া গেল, তা নয়। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ১০৯ রান করেছিলেন তিনি। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটি ভারত জিতেছিল ৭ রানে।

    দ্বিতীয় ম্যাচে দলের সর্বোচ্চ ৪৭ রান আসে আর্যবীরের ব্যাট থেকে। রানআউট না হলে পেতে পারতেন ফিফটিও। শেষ ম্যাচে করেন ৩৪ রান। তিন ম্যাচেই রান পেয়ে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছিলেন তরুণ এই ওপেনার।

    দিল্লি প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে আর্যবীরের। সেখানে তিনি প্রতিনিধিত্ব করেছেন ওয়েস্ট দিল্লি লায়নসের।