সাফে খেলবে তো ভারত?

প্রতিবেদন:

·

,

টুর্নামেন্টের সূচি চূড়ান্ত। ছয় দলের অংশগ্রহণ নিশ্চিত। তবুও আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারত কেমন দল নিয়ে খেলবে, তা এখনো অজানা। বর্তমান চ্যাম্পিয়নদের অংশগ্রহণ না করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অবশ্য জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো বার্তা দেয়নি। তবে মাঠের প্রস্তুতি ও দল গঠন নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।

ভারতের সামনে বড় বাধা আন্তর্জাতিক সূচির সংঘাত। ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক বিরতিতে নিউজিল্যান্ড সফরে যাবে দেশটির জাতীয় দল। সেখানে ১২ ও ১৫ নভেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের।

অথচ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ৫ থেকে ১৭ নভেম্বর। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ভারতের। তাদের প্রথম ম্যাচটি ফিফার আন্তর্জাতিক বিরতির আগেই। এই সময়ে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। চলমান ঘরোয়া মৌসুমের ব্যস্ততার মধ্যে ভারতীয় সুপার লিগের (আইএসএল) ক্লাবগুলোও তাদের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে অনাগ্রহী। ফলে সিনিয়র দলের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে সাফে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে ভারতের জন্য।

এই পরিস্থিতিতে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিকল্পও ভেবেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। কিন্তু সেই পরিকল্পনাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবগুলো। সম্প্রতি যুক্তরাজ্যে ইউনিটি কাপের ক্যাম্প থেকে মোহনবাগান নিজেদের খেলোয়াড়দের ফিরিয়ে নেওয়ার পর দুর্বল দল নিয়ে খেলতে গিয়ে বিপর্যস্ত হয়েছিল ভারত। তবে বয়সভিত্তিক দল নিয়ে সাফে ভালো করার অভিজ্ঞতা তাদের আছে। ২০০৯ সালে ঢাকায় অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়েই শিরোপা জিতেছিল দলটি।

ভারতের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয় দলটির নাম প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর। সাফ এক বিবৃতিতে সেই খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলেছে। সংস্থাটি জানিয়েছে, এআইএফএফের কাছ থেকে সরে দাঁড়ানোর কোনো বার্তা আসেনি। ঘোষিত ছয় দলকে নিয়েই নির্ধারিত সময়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সাফের বক্তব্যে ভারতের দল নিয়ে প্রশ্নের উত্তর মিলছে না।

টুর্নামেন্ট শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি, অথচ এখনো দল ঘোষণা করেনি এআইএফএফ। নিউজিল্যান্ড সফরের জন্য সিনিয়র দলকে প্রস্তুত করা এবং ঘরোয়া ক্লাবগুলোর অনীহার মধ্যে শেষ পর্যন্ত ঢাকায় ভারত নিজেদের সেরা দল, নাকি অনূর্ধ্ব-২৩ দল পাঠায়, সেটিই এখন দেখার বিষয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ