রাজনীতি

  • হাসিনার পাসপোর্ট চাওয়া ছিল বড় রাজনৈতিক ভুল: আসিফ নজরুল

    হাসিনার পাসপোর্ট চাওয়া ছিল বড় রাজনৈতিক ভুল: আসিফ নজরুল

    বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা বড় রাজনৈতিক ভুল করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, এই পদক্ষেপের ফলে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের পথ আরও সহজ হয়েছে।

    সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

    নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা।

    তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। ’

    আসিফ নজরুল উল্লেখ করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত ব্যক্তির নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার প্রয়োজন নেই। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফেরত আসতে হবে। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

    সাবেক এই উপদেষ্টার মতে, নতুন পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজেই তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া সহজ করেছেন। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া সম্ভব যে, দেশে ন্যায়বিচার পাওয়ার পরিবেশ রয়েছে বলেই তিনি ফিরতে চাচ্ছেন।

    তাঁর ভাষ্য, বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এমন যুক্তিতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সুযোগ এতে আরও সংকুচিত হতে পারে। ফলে ভারতকে প্রত্যর্পণের বিষয়ে চাপ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে।

    পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন। ’

  • ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

    গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

    সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

    বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

    সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

    এদিকে, বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানান।

  • জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

    জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

    ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

    এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।

    তিনি উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

    সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। আর সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।

    তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

  • বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

    বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বর্জন করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সুপার ফাইভ’-এর বাইরের নেতাদের একটি বড় অংশ। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করে সভায় যোগ না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের বাইরে অবস্থান নেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

    রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই ঘটনা ঘটে।

    বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ‘সুপার ফাইভ’-এর নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতারাও মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। কেন্দ্রীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকেও নিজেদের অনুষ্ঠানে কথা বলার সুযোগ না পাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন।

    নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক সহসভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও কেন্দ্রীয় নেতারা সেখানে কথা বলতে পারেন না। অথচ এটি মূলত কেন্দ্রীয় ছাত্রদলেরই অনুষ্ঠান। তাই তাঁরা সর্বসম্মতিক্রমে এই কর্মসূচি বর্জন করেছেন।’

    তাদের ভাষ্য, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের বাদ রেখে অন্য ইউনিটের নেতাদের মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টিকে তাঁরা সাংগঠনিকভাবে নিজেদের জন্য অসম্মানজনক মনে করছেন। এ কারণেই আলোচনা সভায় অংশ না নিয়ে মিলনায়তনের বাইরে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

    কেন্দ্রীয় নেতাদের একাংশের এই বয়কটের মধ্যেই টিএসসি মিলনায়তনে আলোচনা সভার কার্যক্রম অব্যাহত রাখেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান বয়কট করে বাইরে অবস্থান নেওয়া নেতাদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, মঞ্জুর আলম রিয়াদ, রিয়াদ রহমান, এইচ এম আবু জাফর, সাফি ইসলাম, শাহজাহান শাওন, তৌহিদুর রহমান আওয়াল, শ্রী মিঠুন কুমার দাস, সজীব মজুমদার, আরিফুল ইসলাম, আবুল বাশার, হাফিজুল্লাহ হীরা, কাজী জিয়াউদ্দিন বাসেত ও অলিউজ্জামান সোহেল রয়েছেন।

    এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে ফারুক হোসেন, মাসুদুর রহমান মাসুদ, হাসানুর রহমান হাসান, মুস্তাফিজুর রহমান রুবেল, বায়েজিদ হোসেন, মহিউদ্দিন রুবেল, ইব্রাহিম কার্দি, তানভীর আহমেদ তানু, তরিকুল ইসলাম তারেক, ফারহান আরিফুর রহমান, আসাদুজ্জামান রিংকু, গোলাম কিবরিয়া, শাকিল আহমেদ, শাকিল চৌধুরী, শাহাদাত হোসেন মানিক, শামীম হোসেন, ইব্রাহিম খলিল, সোহেল রানা, রাজু আহমেদ, সাদ্দাম হোসেন, জাহিদ হাসান শাকিল ও শাহিনুর রহমান শাহিন বয়কটে অংশ নেন।

    বাইরে অবস্থান নেওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন সহসাধারণ সম্পাদক আফজাল রহমান, আশিকুর রহমান সরকার, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং পাঠাগারবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

    এ বিষয়ে বক্তব্য জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

    সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

    জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়েছে। সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়।

    রোববার বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও কমিটির সদস্য তারেক রহমান।

    বৈঠকে আরও উপস্থিত আছেন— বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

  • সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে কয়েকটি বিল

    সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে কয়েকটি বিল

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন।

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেছেন।

    সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এ অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।

    চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টা বিল আসতে পারে।

    এই বিলগুলোর ওপর আলোচনা হবে।

    আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

    স্বাভাবিক নিয়মে প্রতি বছরই জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন বসতে পারে।

    এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

    সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো থাকবে।

    পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়েও নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

    প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

    সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

    রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ইউনিয়ন পরিষদের ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে।

  • বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ

    বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ

    বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

    হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

    তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে। তারা সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।

    বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

    তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

    ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে চান না জানিয়ে হাসনাত আরও বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’

  • ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

    ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নেতৃত্বে নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ পৌঁছেছে। শোভাযাত্রায় মোট ৭ কিলোমিটার রাস্তা হেঁটে মানিক মিয়া এভিনিউ পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    র‍্যালিতে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

    র‍্যালি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

    র‍্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

    এর আগে র‍্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।

    ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে র‍্যালি করছে বিএনপি।

  • প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

    প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

    ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়ার কথাও বলেন তিনি।

    শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন।

    কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।

    তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট এবং গুম-খুন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নারী-শিশুর রক্ত ঝরিয়েছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

    পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে বিএনপি-সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। আপনারা উন্নয়নের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করবেন।

    সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।

    নান্দাইলের স্থানীয় চণ্ডীপাশা স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশ বিশাল জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।