রাজনীতি

  • বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের ঘোষণা

    বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের ঘোষণা

    সরকারি দলের সংসদ সদস্যদের আসনে বিশেষ বরাদ্দ দেওয়ায় বৈষম্যের অভিযোগ করেছে বিরোধী দল। এর জবাবে সরকারি দল জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দের চিঠি পৌঁছে দেওয়া হবে। সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের প্রশ্নের পর এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    গত ১২ অক্টোবর সরকারি দলের ২০৩ এমপির আসনে বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে এমপিদের অভিপ্রায়ের প্রকল্প গ্রহণে ৫১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। ইউনিয়ন পরিষদ পরিবহন সহায়তা থেকে আরও ৩২৯ কোটি টাকা দেওয়া হয় সরকারির দলের এমপিদের আসনভুক্ত ইউনিয়ন পরিষদগুলোতে।

    এ সংবাদ প্রকাশের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী এবং এনসিপির এমপিরা সরকারের সমালোচনা করেন। সোমবার সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের এমপিদের ইউনিয়ন পরিষদগুলোতে কি উন্নয়নের প্রয়োজন নেই?

    জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার উন্নয়নে বৈষম্য করছে না। বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্রগুলো আগামীকালের (আজ) মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।

    এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, গাজী নজরুল এখন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে।

    চতুর্থ অধিবেশনের প্রথম দিনের শুরুতে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার।

    প্রথম দিনের বৈঠকে সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী, মুহম্মদ শফিকুর রহমান, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, আব্দুল হাই এবং সাবেক গণপরিষদ সদস্য আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

    স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনায় সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্য মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন– মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) ও সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম হীরা।

  • কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মঙ্গলবার (স্থানীয় সময়) দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে। সেখান থেকে ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তার অন্তালিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

    এর আগে সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

    সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন।

    আগামী ১১ ও ১২ নভেম্বর অন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

    নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

    পররাষ্ট্র সচিব বলেন, ‘‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন আমাদের প্রধান অগ্রাধিকার।’’

    সম্মেলনে বাংলাদেশের বিশেষ উদ্যোগ

    সম্মেলনের ‘গ্রিন জোনে’ বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টি আলোচনায় রয়েছে।

    এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোনে’ দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর একটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে নারীদের বিশেষ ঝুঁকি বিষয়ে এবং অপরটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।

    প্রধানমন্ত্রীর সাথে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

    উল্লেখ, ‘কপ’ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন। চলতি বছরের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার কো-চেয়ারের দায়িত্ব পালন করছে। সম্মেলন শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • শিরোনামহীন পোস্ট 46384

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

    মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    গোলাম পরয়ার বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

    কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের।

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয় কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।

    তিনি আরও বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে।

    পাশাপাশি, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।

    গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করছে না বিএনপি সরকার।

    এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের উপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে । দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের উপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। আমরা মনে করি, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।

    তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের প্রতিরোধে সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন করতে হবে। যাতে, আর কোনো ফ্যাসিস্টের উত্থান এবং সন্ত্রাসবাদ বাংলাদেশে চলতে না পারে। নতুবা জনগণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে- যা সরকারের জন্য উভয় সংকট তৈরি করবে। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

  • আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির

    আত্মসমর্পণের আগে পাসপোর্টের আপিল করতে পারে না পলাতক আসামি: শিশির মনির

    আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য আপিল করতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    শিশির মনির বলেন, মানবিক কারণে ও বাংলাদেশে হুমকি থাকায় ভারত সরকার শেখ হাসিনাকে শর্ত সাপেক্ষে আশ্রয় দিয়েছে। তাই, ভারত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন না হলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

    সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ক্যানসেল হয়ে যায় গত বছরের ৭ জানুয়ারি। কারও পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট কারও বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্রা অপশন হলো, আপিল দায়ের করা।

    সেই অনুযায়ী শেখ হাসিনার পাসপোর্টের জন্য আপিল করা হয়নি। এর পরের বিষয় হচ্ছে, এই পাসপোর্টের জন্য আপিল করা হচ্ছে আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

    এদিকে, নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। সুতরাং পাসপোর্ট আইন অনুযায়ী কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে এটি ইস্যু করার কোনো সুযোগ নেই।

    শেখ হাসিনা স্বয়ং ভারতে আছেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে-এ কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, কারণ সেখান থেকে তিনি যত বক্তব্য দিয়েছেন, সেখানে তাকে দেখা যায়নি এবং ভার্চুয়াল বক্তব্যগুলোতে তিনিই কিনা সেটাও স্পষ্ট নয়।

  • সংসদে সব ফাঁস করে দেব: প্রতিমন্ত্রীকে আমির হামজা

    সংসদে সব ফাঁস করে দেব: প্রতিমন্ত্রীকে আমির হামজা

    ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সেই সঙ্গে প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব। ’

    এর আগে গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে এ কথা বলেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

    ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। আপনার সব কিছু সংসদে ফাঁস করে দেব।

    তবে আমির হামজার এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।

    রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমির হামজার পিএসকে জানানো হয়। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

    আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ চক্রের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই মিথ্যাচার করা হয়েছে।

    গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই, আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

  • গ্রাম পুলিশের বেতন ও মাতৃত্বকালীন ছুটির প্রজ্ঞাপন জারি

    গ্রাম পুলিশের বেতন ও মাতৃত্বকালীন ছুটির প্রজ্ঞাপন জারি

    গ্রাম পুলিশ সদস্যদের বেতন–ভাতা বাড়ানো, মাতৃত্বকালীন ছুটিসহ এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তাদের মাসিক মোবাইল ভাতা চালু, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে।

    এসব সুবিধা বাস্তবায়নে সোমবার পৃথক চারটি পরিপত্র আর সম্মতিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–২ শাখা থেকে এসব পরিপত্র জারি করা হয়। পরিপত্রে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধানের (দফাদার) মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা এবং সাধারণ গ্রাম পুলিশের (মহল্লাদার) বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

    গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়নে এখন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

    ৪৬ হাজার গ্রাম পুলিশের বেতন বেড়েছে

    স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৫৭৮ জন গ্রাম পুলিশ প্রধান এবং ৪১ হাজার ২৯২ জন সাধারণ গ্রাম পুলিশ কর্মরত আছেন। সব মিলিয়ে ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য বর্ধিত বেতন পাবেন।

    গ্রাম পুলিশদের বেতন–ভাতার ৫০ শতাংশ সরকার ও বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়ার নিয়ম। নতুন করে বাড়ানো মাসিক ৫০০ টাকার পুরোটাই সরকার বহন করবে। এ জন্য বিদ্যমান সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থছাড়ের প্রয়োজন হবে। স্থানীয় সরকার বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ বিষয়ে সম্মতি চেয়েছে।

    মাসে ২০০ টাকা মোবাইল ভাতা

    গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে নতুন করে মাসিক ২০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ টাকা সরকার এবং বাকি ১০০ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হবে।

    এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় থানা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়।

    বাইসাইকেল পাবেন তিন বছর পর

    গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমাও কমিয়েছে সরকার। আগে পাঁচ বছর পরপর একটি বাইসাইকেল পাওয়ার যোগ্য হতেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর পরপর বাইসাইকেল পাওয়ার সুযোগ থাকবে।

    এ বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত সুবিধা বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান ও সাধারণ গ্রাম পুলিশের বাইসাইকেল পাওয়ার যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

    এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিপত্রের মাধ্যমে শুধু বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। অন্যান্য শর্ত ও সরঞ্জামের প্রাপ্যতা আগের মতো বহাল থাকবে।

    মাতৃত্বকালীন ছুটি ছয় মাস

    নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে সরকার। নতুন পরিপত্র অনুযায়ী, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাঁকে পূর্ণ বেতনে ছয় মাসের ছুটি মঞ্জুর করতে হবে।

    বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় সংশ্লিষ্ট নারী সদস্যের মাসিক বেতন–ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ যথারীতি পরিশোধ নিশ্চিত করতে হবে।

    স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক নানা কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তৃণমূল পর্যায়ে কর্মরত এসব নারী সদস্যের কল্যাণ ও পরিবারের প্রতি সরকারের সমর্থনের অংশ হিসেবে মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, থাকতে হবে: প্রধানমন্ত্রী

    বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, থাকতে হবে: প্রধানমন্ত্রী

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। ’

    সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এ কথা বলেন বলে জানিয়েছে সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র।

    প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

    আজ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে।

    বিএনপির সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

    সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

    দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

  • জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

    জাতীয় ঐক্যই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি

    দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার বলেছেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে সব ধরনের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যই একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি।

    সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কে. এম. সালজার হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে কবি আবদুল হাই শিকদার দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, ব্যক্তিগত, রাজনৈতিক ও দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিএর সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসেন, সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আব্দুল মান্নান, ডিবিএর চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক সচিব কাজী আখতার হোসেন।

    সভাপতির বক্তব্যে উপাচার্য দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করার আহ্বান জানান।

    আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

    চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

    সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের নাম ঘোষণা করেন। এই অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন।



    মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

    সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতার ক্রমানুসারে যেকোনো সদস্য সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পালন করেন।

    (সুত্র: ঢাকা মেইল)

  • এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

    নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে এই রিট করা হয়।

    বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

    এনসিপির এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ হওয়ায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

    তিনি বলেন, এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।

    হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট এ রিট আবেদন করেন। এতে নোয়াখালী-৬ আসন শূন্য ঘোষণার নির্দেশনা, হান্নান মাসউদের এমপি পদ কেন বাতিল করা হবে না এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা ও তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনাও চাওয়া হয়।