খুলনা বিভাগ

  • সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অবশেষে থানায় মামলা

    সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অবশেষে থানায় মামলা

    খুলনার মাদ্রাসায় ৯ বছর বয়সী ইসমাইল শিকদারকে অমানবিক মারধরের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে তার বাবা ওমর ফারুক শিকদার সোনাডাঙ্গা থানায় এই মামলা করেন। ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় হওয়া মামলায় মাদ্রাসাশিক্ষক হাফেজ আবদুর রহমানকে আসামি করা হয়েছে।

    নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডাক্তারপাড়ায় অবস্থিত নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামে ওই মাদ্রাসায় পড়া না পারায় গত ১৭ জুন রাতে ইসমাইলকে বেদম মারধর করেন শিক্ষক আবদুর রহমান। এতে শিশুটির মস্তিষ্ক, চোখসহ বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায়। বিষয়টি নিয়ে গত ২১ জুন সমকাল অনলাইন ও পরদিন ছাপা সংস্করণে ‘মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে শিশুটি’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ হয়। শিশুটির ছবি ও নির্যাতনের মাত্রা দেখে নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

    ওমর ফারুক শিকদারের ভাষ্য, তাঁর ছেলেকে মারধরের ২৪ ঘণ্টা পরও বিষয়টি জানানো হয়নি। দুই দিন পর তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর দুদিন ইসমাইল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসক জানিয়েছেন, ওষুধ খেয়ে মস্তিষ্কের রক্ত না সরলে অপারেশন করতে হবে। তিনি এই নির্মম নির্যাতনের বিচার দাবি করেন।

    সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই মাদ্রাসাশিক্ষক পলাতক। মাদ্রাসা থেকেও তাঁকে বের করে দেওয়া হয়েছে। গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আশা করি, দ্রুতই তিনি গ্রেপ্তার হবেন।

    এ,আর

  • বেনাপোল থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

    বেনাপোল থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

    যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্র বিহীন কোটি টাকা মূল্যের ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি, থ্রি পিচ ও কসমেটিকসের চালান জব্দ করেছে বিজিবি।

    রোববার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় থেকে চালানটি জব্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

    বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি- একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিচ ও কসমেটিকসের চালান নিয়ে বন্দর এলাকা থেকে বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা সিও স্যারের নির্দেশে দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনি।

    এ সময় ট্রাকে থাকা চালক, হেলপার ও ইন্দ্রজিৎ নামে ব্যাক্তির কাছে মালের বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেননি। পরে ট্রাক খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিচ ও কসমেটিকসের চালান জব্দ করা হয়েছে।

    এ ঘটনায় ট্রাক চালক মহসিন আলী, হেলপার জাহিদ হাসান ও ইন্দ্রজিত নামে একজনকে আটক করা হয়েছে। আর জব্দ পণ্যের মূল্য কোটি টাকার ঊর্ধ্বে হবে বলে বিজিবি জানিয়েছে।

  • গাংনীতে তপন হত্যা মামলার আসামি গ্রেফতার

    গাংনীতে তপন হত্যা মামলার আসামি গ্রেফতার

    মেহেরপুরের গাংনী উপজেলার তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
    গাংনীর ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম একই উপজেলার করমদি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
    মন্টু শাহ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়া এলাকার ফজল আলীর ছেলে।
    আজ রবিবার (২১ জুন) সকাল ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
    গত বছরের ২০ ডিসেম্বর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও সাহেবনগর মাঠের মধ্যে একটি পেঁপে বাগান থেকে তপন হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ৷
    ওই ঘটনায় তপনের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা বাদি হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন৷ যার মামলা নং ২২, তারিখ ২২/১২/২০২৫ ইং, ধারা ৩০২/৩৪।
    মামলায় আসামি হিসেবে সাতজনকে সাসপেক্ট করেন পুলিশ। পুলিশের সেই তালিকার ৬ নং আসামি সে।
    ওসি মোহাদ্দিদ মোর্শেদ আরও জানান,
    মামলার পর থেকেই মিন্টু শাহসহ অন্যান্য আসামীরা পলাতক ছিল৷ গ্রেফতারকৃত মন্টুকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগার প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • শৈলকূপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

    শৈলকূপায় বাসচাপায় ট্রাকচালক নিহত

    ঝিনাইদহের শৈলকূপায় দ্রুতগতির বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক রাস্তার পাশে থামিয়ে একটি স্থানীয় দোকানে চা খেতে যান আব্বাস। চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় খুলনা থেকে কুষ্টিয়া অভিমুখী ‘রূপসা পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • চৌগাছায় নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    চৌগাছায় নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    চৌগাছা যশোর,

    যশোরের চৌগাছায় নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকালে তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু।

    এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক তুহিন আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, যুবদল নেতা অবাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা এবং ২০২৬ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

    সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন আসিফ খান, জান্নাতুল নাঈম, ফেরদৌস আল-কাইফ, মৌমিতা, নিশাত তাসনিম, শেখ তানজীর রহমান, আয়েশা রহমান, শাহরিয়ার নাফিজ, রিজওয়ান ইস্তিকা রাফিদ, চাঁদ মিয়া, রোকনুজ্জামান, তালহা জুবায়ের, নাহিদ হাসান, সাদিয়া আক্তার ইভা, পারভিনা খাতুন, সৌরভ আহমেদ, মুহিন জামান সূর্য, লিমা খাতুন, পারভেজ হোসেন, শ্রী চিরঞ্জিত কুমার পাল, প্রেমী খাতুন, রুমন মিয়া, আলিফ হোসাইন, জাহিদ হাসান, সামিউল ইসলাম এবং নাফিজা তাবাচ্ছুম মাহিন।

    বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

  • নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

    নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান

    মেধাবৃত্তি বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করে, তারা চৌকস হয়-অতিরিক্ত আইজিপি জিল্লুর রহমান

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান।

    নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন-নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।

    অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, বেসরকারি পর্যায়ে এই মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান একটি ভালো উদ্যোগ। বৃত্তি প্রতিযোগিতার আয়োজন থাকলে বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি হয়। এতে মা-বাবার মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়। তারা চৌকস হয়। এই বৃত্তি প্রতিযোগিতায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জেনেছি। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন। সাধারণ গ্রেডে ৮৭ জন বৃত্তি পেয়েছে। দুই গ্রেড মিলে ১৪৩ জন বৃত্তি পেয়েছে। যারা বৃত্তি পায়নি তারা যে খারাপ এটা বলা যাবে না। কারণ, তারাও চেষ্টা করেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করছি।

  • জেলা বিএনপি সভাপতির নাম ভাঙিয়ে জমি দখল; সংবাদ সম্মেলন

    জেলা বিএনপি সভাপতির নাম ভাঙিয়ে জমি দখল; সংবাদ সম্মেলন

    মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসেন পলাশের বিরুদ্ধে। পলাশ এর আগেও সড়কে মাইক্রোবাস চাপায় তিনজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি এবং এলাকায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভুক্তভোগীরা।

    শুক্রবার (১৯ জুন) দুপুরে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় বিএনপি কর্মী মজিদুল ইসলাম ও তার ভাই মহিরুল ইসলাম।

    লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নাম ব্যবহার করে সাজ্জাদ হোসেন পলাশ এলাকায় প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জমি দখল, চাঁদা দাবি, হামলা-মামলার হুমকি এবং সালিশের নামে অর্থ আদায়ের মতো বিভিন্ন অপকর্মের অভিযোগ করেন তারা। তাদের দাবি, এসব কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।

    ভুক্তভোগীরা আরও জানান, প্রায় পাঁচ বছর আগে জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের কাছ থেকে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করে সেখানে বসতঘর নির্মাণ এবং বিভিন্ন গাছপালা রোপণ করেন তারা। জমির বৈধ কাগজপত্র ও রেকর্ড থাকার পরও সাজ্জাদ হোসেন পলাশ তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তারা। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ মকলেছুর রহমান, আবুল কালাম ও তাদের সহযোগীদের নিয়ে ওই জমিতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে জোরপূর্বক দখল করে নেওয়া হয় বলে দাবি করেন তারা। এতে তাদের প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

    এ ঘটনায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করার পর তা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। বর্তমানে তারা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

    তবে অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ হোসেন পলাশ বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জেলা বিএনপির সভাপতির নাম ভাঙিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগও সত্য নয় বলে তিনি দাবি করেন।

    এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, “কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় কাজ করলে তার দায় দল নেবে না; দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।”

    এদিকে বাড়িঘরে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। মামলার শীর্ষ আসামি ওই গ্রামের আবু তালেবের ছেলে মকলেছুর রহমান ও একই গ্রামের ছ্যান ভিশ্বাসের ছেলে আবুল কালাম। তারা দুজনেই জেল হাজতে রয়েছে।
    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
    মুহাদ্দিদ মোর্শেদ বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে আইন মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

  • যশোরে খুলে দেয়া হলো তিনটি সেতু

    যশোরে খুলে দেয়া হলো তিনটি সেতু

    যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নির্মিত তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সেতুগুলোর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    উদ্বোধন করা সেতুগুলোর মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া শান্তির মোড়-মধ্যপাড়া খালের ওপর একটি, তরফদারপাড়া থেকে আড়পাড়া সড়কের ওপর একটি এবং দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী-ফুলবাড়িয়া সড়কে গোডাঙ্গা খালের ওপর একটি সেতু রয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত তিনটি সেতুর মোট ব্যয় হয়েছে ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এসব সেতু চালুর ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ স্থানীয় সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

  • চৌগাছায় আবারো পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

    চৌগাছায় আবারো পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

    চৌগাছা,

    যশোরের চৌগাছায় আবারো পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি চৌগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

    জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিনের (৫০) তার মেহগনি বাগানে কাজ করছিলেন। এ সময় তিনি বাগানের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পান। পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দেন। চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের দেখানো স্থান থেকে কাদামাটি ও মরিচা ধরা মর্টারশেল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্থানীয়দের দাবি, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় শত্রুবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখযুদ্ধ সঙ্ঘটিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় ব্যবহৃত কোনো অবিস্ফোরিত মর্টারশেল মাটির নিচে চাপা পড়েছিল। যা দীর্ঘদিন পর মাটি কাটার পর দৃশ্যমান হয়।

    উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় শত্রুবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখযুদ্ধ সঙ্ঘটিত হয়েছিল। পরিত্যক্ত মর্টারশেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।

    উল্লেখ্য, অতি সম্প্রতি চৌগাছা কপোতাক্ষ নদের ব্রিজ ঘাট এলাকা থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    তিনি বলেন, উদ্ধারকৃত বস্তুটি থানায় নিয়ে আসা হয়েছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ আর

  • নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ, কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

    নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ, কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা, গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

    নড়াইল প্রতিনিধি

    সবার হাতে হাতে গাছের চারা ও শিক্ষা উপকরণ। মুখে নির্মল হাসি। আনন্দ-আবেগে ভরপুর পুরো স্কুল আঙিনা। পড়ন্ত বিকেলে সুন্দর প্রকৃতির মাঝে এ এক অন্যরকম আনন্দ উৎসব। এ যেন এক টকুরা ‘সবুজ বাংলাদেশ’। স্কুল আঙিনায় সবুজ বাংলাদেশের প্রতিচ্ছবি। এ দৃশ্যের দেখা মেলে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে।

    শিক্ষার মানোন্নয়নে ওই বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ, শিক্ষা উপকরণ, ফুটবল, কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা এবং গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার বিকেলে কালিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে এসব অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ২৫০ জন ছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

    ব্যতিক্রমী এ আয়োজনে মুগ্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। এই অনুষ্ঠানে ২৫০ জন ছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছের চারা, বাল্যবিয়ে রোধে আলোচনা, কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা, সঞ্চয়কৃত টাকার চেক প্রদান, খাতা, কলম, ইংরেজি অভিধানসহ শিক্ষা উপকরণ পেয়ে মহাখুশি শিক্ষার্থীরা।

    বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরীন চৌধুরী বলে, গাছের চারা পেয়ে যেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পেয়েছি। ডিসি স্যার ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তারা আমাদের সুন্দর উপহার দিয়েছেন।

    দশম শ্রেণির আরেক শিক্ষার্থী আফরিন রহমান মৌ বলে, ডিসি স্যার অনেক মূল্যবান কথা বলেছেন। ওনার (ডিসি) কথা হৃদয়ে এতোটা গেঁথে গেছে যে, অন্যায়ের পথে যাওয়ার কোনো সুযোগ নেই।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কালিয়া উপজেলা কর্মকর্তা সুজন কুমার চন্দ্র বলেন, শিক্ষা জীবন থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে ‘সঞ্চয় সেবা’, কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা ও সচেনতামূলক প্রশিক্ষণসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি। ভালো সাড়া পেয়েছি।

    বিআরডিবি নড়াইলের উপ-পরিচালক গোলাম রসুল জানান, একজন শিক্ষার্থী যদি প্রতি মাসে ২০০ টাকা করে বছরে ২ হাজার ৪০০ টাকা সঞ্চয় জমা করে তাহলে সরকারি প্রণোদনা পাবে ৪ হাজার ৮০০ টাকা। ফলে বছর শেষে একজন শিক্ষার্থী সঞ্চয় ও প্রণোদনাসহ পাচ্ছে ৭ হাজার ২০০ টাকা। এতে তার পড়ালেখার খরচ চালিয়ে নেয়াসহ আর্থিক সুবিধা হচ্ছে। নড়াইলে ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ১ হাজার ২০০ শিক্ষার্থী এ প্রকল্পের সুফল পাচ্ছে। তবে, ১৮ বছরের আগে অর্থাৎ বাল্যবিয়ে হলে ওই শিক্ষার্থী সরকারি প্রণোদনার টাকা পাবে না। শুধু তার জমাকৃত টাকা পাবে। এর প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিয়ে রোধ করে ছাত্রীদের আর্থিক সুযোগ-সুবিধা দেয়া।

    সার্থকি দাস বলেন, আমি এখন উচ্চ মাধ্যমিকে পড়ছি। ডিসি ও বিআরডিবি স্যারদের হাত থেকে আজ ২০ হাজার ৭০০ টাকা চেক পেয়েছি। বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ার সময় প্রতি মাসে ২০০ টাকা করে সঞ্চয় করে আজ এই টাকা (২০ হাজার ৭০০) পেলাম। আমি খুব আনন্দিত।

    এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, একজন সন্তানকে ভালো ভাবে মানুষ করতে এবং পড়ালেখা শেখাতে তার বাবা-মাকে অনেক কষ্ট করতে হয়। বাবা হয়ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করেন। মা সংসারে অনেক কষ্ট করেন। তবু বাবা-মা সন্তানকে পড়ালেখা শেখান। ভালো ভাবে মানুষ করতে চান। তাই বাবা-মাকে সম্মান করতে হবে। পারিবারিক বন্ধন এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি শিক্ষার্থীকে ‘ভালো মানুষ’ হতে হবে। তাহলে জীবন সার্থক হবে। দেশ ও জনকল্যাণে কাজ হবে।

    অনুষ্ঠানের সভাপতি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম বলেন, একটি ভালো চিন্তা, আরেকটি ভলো চিন্তার জন্ম দেয়। তাই শিক্ষার্থীসহ সবাইকে সবসময় ভালো চিন্তা-ভাবনা করতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে। কোনো ধরণের অন্যায়-অপকর্মকে প্রশ্রয় দেয়া যাবে না। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ^াস, কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা চৌধুরীসহ অনেকে।

  • চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া ফ্যাক্ট-চেক গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া ফ্যাক্ট-চেক গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া ফ্যাক্ট-চেক গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহযোগীতায় পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি নাজমুল হক স্বপন।

    প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রাশাসক লুৎফুন নাহার।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদকর্মী সরদার আল আমিন, বিপুল আশরাফ, হুসাইন মালিক ও রাজীব হাসান কচি।

    প্রশিক্ষণের উদ্বোধনের সময় প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘এই প্রশিক্ষণ সাংবাদকর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন এমন একটি অবস্হা দাঁড়িয়েছে, আমরা কোনটা বিশ্বাস করবো, কোনটা করবো না তা বুঝতে পারিনা। সে কারনে এই বিষয়গুলো বোঝানোর জন্যই এ প্রশিক্ষণ অনেক গুরুত্ববহন করে’।

  • জীবননগরে গৃহবধূ পিংকী হত্যার আসামি ঢাকা থেকে গ্রেফতার

    জীবননগরে গৃহবধূ পিংকী হত্যার আসামি ঢাকা থেকে গ্রেফতার

    চুয়াডাঙ্গার জীবননগরে সঙ্ঘটিত চাঞ্চল্যকর গৃহবধূ পিংকী হত্যার আসামি প্রবাসী রাজন হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১৭ জুন) সকালে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।

    গ্রেফতার রাজন হোসেন উপজেলার ডুমুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি হত্যাকাণ্ডের দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান।

    নিহত গৃহবধূ পিংকী ডুমুরিয়া গ্রামের প্রান্তিক কৃষক সানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা ও একাধিক বিবাহিতা নারী এবং দুই সন্তানের জননী।

    দুই মাস আগে চলতি বছরের ১৮ এপ্রিল উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ ববিতা খাতুন ওরফে পিংকীকে (২৭) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন রাজন। পরে পরিবারের লোকজন তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করেন।

    সেখান তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

    চিকিৎসাধীন অবস্থায় পিংকী পুলিশের কাছে জবানবন্দি দেন যে, তাকে রাজন এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় রাজন হোসেনকে সে একটি লাথিও মারে বলে জবানবন্দিতে জানা যায়। মূলত রাজন হোসেনের দেয়া অনৈতিক প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে কুপিয়ে আহত করা হয়।

    আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে প্রবাসফেরত রাজন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন নিহত পিংকীর মামা আনোয়ার হোসেন। মামলার পর থেকে রাজন হোসেন পলাতক ছিলেন। পুলিশ তাকে বুধবার দুপুরে ঢাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, প্রবাসফেরত যুবক রাজন হোসেন গৃহবধূ ববিতা খাতুন ওরফে পিংকী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। রাজন হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তাকে বুধবার সকালে ঢাকায় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • গাংনীতে আবারও হাতবোমা ও হুমকির চিরকুট উদ্ধার, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন

    গাংনীতে আবারও হাতবোমা ও হুমকির চিরকুট উদ্ধার, বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন

    মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে একটি হাতবোমা ও হুমকিমূলক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে একই ধরনের হাতবোমা ও চিরকুট উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে।

    বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে লাল কসটেপে মোড়ানো একটি হাতবোমা ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের চায়ের দোকানের সামনে বেঞ্চের উপর বোমা ও চিরকুটটি রেখে যায় দুর্বৃত্তরা। সকালে দোকান খুলে পরিষ্কার করার সময় শরিফুল ইসলাম হাতবোমা ও চিরকুটটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদে পানি ভর্তি পাত্রে সংরক্ষণ করেন।

    উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, “এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।”

    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাদ্দিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি হাতবোমা ও চিরকুট উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

    এর আগে চলতি মাসে মেহেরপুরের বিভিন্ন এলাকায় একই কায়দায় অন্তত ২৫/৩০ টি স্থানে হাতবোমা ও হুমকিমূলক চিরকুট উদ্ধারের ঘটনা ঘটে। এছাড়া গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বিএনপি নেতা মুকুল হোসেনকে হত্যার উদ্দেশ্য গুলি বর্ষণ করে। মুকুল হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
    এসব ঘটনায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

    একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

  • চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’ এর উদ্যোগে স্বাবলম্বীকরণ কর্মসূচি ও সেলাই মেশিন বিতরণ

    চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’ এর উদ্যোগে স্বাবলম্বীকরণ কর্মসূচি ও সেলাই মেশিন বিতরণ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জেলার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স’। ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সংগঠনের প্রধান কার্যালয়ে ‘স্বাবলম্বীকরণ কর্মসূচি’র আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারী) রনি বিশ্বাস উপস্থিত থেকে কর্মক্ষম ও অসচ্ছল নারীর হাতে নতুন সিঙ্গার সেলাই মেশিন তুলে দেন। এর মাধ্যমে ওই পরিবারটির জন্য স্থায়ীভাবে জীবিকা নির্বাহ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি টেকসই পথ তৈরি করে দেওয়া হয়।

    সেলাই মেশিন বিতরণকালে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আসলাম হোসেন বলেন, “আমরা শুধু সাময়িক ত্রাণ বা সাহায্য বিতরণে বিশ্বাসী নই; বরং একজন মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য। এই সেলাই মেশিনটি একটি পরিবারের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে কাজ করবে।”

    সংগঠনের সেক্রেটারী রনি বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, “চুয়াডাঙ্গার পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আমাদের এই ধরনের স্বাবলম্বীকরণ ও মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে সাথে নিয়ে চুয়াডাঙ্গাকে একটি আদর্শ ও স্বাবলম্বী জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

    সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর পাশাপাশি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স আরও পাঁচটি বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হল ডিবেট ক্লাব, আইটি টিম, ব্লাড সেন্টার, মানষিক স্বাস্থ্য উন্নয়ন সহ আগামীর নেতৃত্ব তৈরির জন্য লিডারশিপ প্রোগ্রাম।

  • টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

    টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

    গার্মেন্টসে চাকরির সুবাদে প্রেম, পরিণয় ও টিকটক, অতঃপর স্ত্রীকে হত্যা! স্বামী আটক

    স্ত্রীর চতুর্থ বিয়ে, স্বামীর দ্বিতীয় ! অতঃপর স্ত্রীকে হত্যা!! স্বামী আটক

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা ফেরদৌসীকে (৩৬) হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী লিমন মল্লিককে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাতে নিজ এলাকা থেকে চরদিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে অভিযুক্ত লিমনকে আটক করা হয়। নিহত সুমনা লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

    লিমন পুলিশকে জানিয়েছেন, স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পরপুরুষদের সঙ্গে বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও আদান-প্রদান করতো। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর জের ধরে সুমনাকে সোমবার সকালে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে যান লিমন।

    পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্ত্রী সুমনাকে হত্যার পর সোমবার সকাল ১০টার দিকে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান লিমন। ওইদিন বিকেল ৫টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি। লিমনের কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশিরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    স্ত্রী সুমনা আত্মহত্যা করেছে মর্মে লিমন প্রথমে প্রচার করার চেষ্টা চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে তাকে হত্যার কথা স্বীকার করেছে।

    পুলিশ জানায়, আটক লিমন মল্লিক জানিয়েছেন; ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সুমনার সঙ্গে তার পরিচয় ও প্রেম হয়। এরপর ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটা লিমনের দ্বিতীয় ও সুমনার চতুর্থ বিয়ে বলে জানা গেছে। পরবর্তীতে সুমনাকে নিয়ে গ্রামের বাড়ি চরদিঘলিয়ায় আসেন লিমন। প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুমনাকে বাড়িতে নিয়ে আসায় প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো। একপর্যায়ে লিমনের প্রথম স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। বর্তমানে লিমন স্থানীয় বাজারে চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠকাটা শ্রমিক হিসেবে কাজ করেন।

    লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রী সুমনাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য তাকে ঘরে মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান লিমন। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন লিমন। নারায়ণগঞ্জে সুমনার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • চৌগাছার দুই শিবির নেতাকে গুলির ঘটনায় আজ বিচার শুরু

    চৌগাছার দুই শিবির নেতাকে গুলির ঘটনায় আজ বিচার শুরু

    যশোরের চৌগাছায় ২০১৬ সালে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আটজনের বিচার শুরু হচ্ছে আজ।

    মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার মধ্য দিয়ে বিচার শুরু হবে।এ মামলায় তিন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। আনিসুর ছাড়া পলাতক অপর আসামিরা হলেন—চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল। সকালে গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    এর আগে গত ২০ এপ্রিল আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুন দিন ধার্য করা হয়। কিন্তু ১ জুন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করে।

    এই মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন ও ইসরাফিল নামের দুই ছাত্রনেতাকে মিথ্যা মামলায় আটক করে পুলিশ। কিন্তু আদালতে না তুলে পরপর দুই রাত তাদের নির্যাতন করা হয়। এরপর অধস্তন পুলিশদের দিয়ে দুজনের পায়ে গুলি করান তৎকালীন এসপি আনিসুর রহমান। এছাড়া ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে মিথ্যা মামলায় চালান দেওয়া হয় দুজনকে। ভুক্তভোগীদের পায়ে বালু ঢোকানোর কারণে তাতে পচন ধরে। ফলে পরে তাদের পা কেটে ফেলতে হয়।

  • পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী থেকে ব্রিঞ্চি মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে ওই লাশ উদ্ধার করা হয়।

    নিহত ব্রিঞ্চি মন্ডল উপজেলার পটুলাখালী গ্রামের মরহুম মহেন্দ্র মন্ডলের ছেলে।

    থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে বেতাঙ্গী নদীর বাহিরবুনিয়া সরদার বাড়ি সংলগ্ন এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করে।

    নিহতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। পরে সোমবার সকালে লোকমুখে খবর পেয়ে বাবার লাশ শনাক্ত করেন উজ্জ্বল মন্ডল।

    পাইকগাছা থানা পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • কলারোয়ায় দিনমজুর সাগর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    কলারোয়ায় দিনমজুর সাগর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দিনমজুর সাগর (৩৩) হত্যার কয়েক মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

    এ ঘটনায় সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    মানবাধিকার সংগঠন ভার্ড-বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু ঘটে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো বিচারিক প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম হতাশার মধ্যে রয়েছে।

    মানববন্ধনে ভার্ড-বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম.এস.এ রেজা বলেন, একজন অসহায় মানুষের মৃত্যু কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।

    সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মাহাবুব আলম আব্বাসী বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা শুধু একটি পরিবারকেই কষ্ট দেয় না, এটি সমাজে বিচারহীনতার সংস্কৃতিকেও উৎসাহিত করে।

    এদিকে সাগর হত্যাকাণ্ডের অনুসন্ধানে নতুন করে উঠে এসেছে যশোর-বেনাপোল সীমান্তভিত্তিক একটি কথিত স্বর্ণ চোরাচালান ও অপরাধচক্রের নাম। বিভিন্ন রাজনৈতিক, গোয়েন্দা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হচ্ছে, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, মাদক পাচার এবং প্রভাব বিস্তারের সাথে জড়িত একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

    Politics

    অভিযোগের তীর যশোরের শার্শা উপজেলার শহিদুল ইসলাম শহীদ ওরফে ‘গোল্ড শহীদ’, আনসারুল হক রানা, মেহেরুল্লাহ মেম্বার এবং গোল্ড নাসিরের দিকে। বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা ব্যবহার করে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।

    মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করেন, গণমাধ্যমে একাধিকবার বিষয়টি প্রকাশ পেলেও সাগরের পরিবার এখনো কাঙ্ক্ষিত বিচার পায়নি। পাশাপাশি বিচার চাওয়ার কারণে পরিবার ও সম্ভাব্য সাক্ষীদের হুমকির মুখে পড়তে হচ্ছে।

    বক্তারা সাগর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি জানান। একইসাথে সীমান্ত এলাকায় সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

  • চৌগাছায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের মাঠ দিবস 

    চৌগাছায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের মাঠ দিবস 

    চৌগাছা প্রতিনিধি

    যশোরের চৌগাছায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৫ জুন সোমবার বিকেলে উপজেলার মাড়ুয়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে নিরাপদ ও পুষ্টিকর ধান উৎপাদনের জন্য থ্রি এফ ফোর ডি প্লাস এম ডি পদ্ধতিতে ধান চাষ ও আর্সেনিকের মারাত্মক ক্ষতি সম্পর্কে স্বচেতন করা হয়।
    অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক জনগণ অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান বক্তার বক্তৃতা করেন প্রকল্পের গবেষক টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাকেহিরো কামিয়া।

    অনুষ্ঠানে প্রকল্পের গবেষক টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাকেহিরো কামিয়া বলেন, পানীয় জল থেকে শরীরে আর্সেনিক আসে ১৩% কিন্তু রান্না করা ভাত থেকে আর্সেনিক আসে ৫৬%।

    তিনি আরও বলেন, আর্সেনিকোসিসে আক্রান্ত একটি পরিবার ১৫ বছরেরও বেশি সময় ধরে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করলেও আর্সেনিকজনিত গুরুতর স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা গেছে। এর কারণ হলো তারা যে চাল দৈনন্দিন খাবার হিসেবে ব্যবহার করে, তা আর্সেনিকযুক্ত সেচের পানিতে উৎপাদিত হয়েছে। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হওয়ায়, ভাতের মাধ্যমেও শরীরে আর্সেনিক সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
    উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন, আর্সেনিক যুক্ত পানি দিয়ে ধান উৎপাদ করলে সেই ধানেও আর্সেনিক থাকবে। আর্সেনিক যুক্ত পানি দিয়ে (3F4D+MD) থ্রিএফ ফোর ডি পদ্ধতিতে সেচ কাজ চালিয়ে উৎপাদিত খাদ্য শস্যে আর্সেনিকের মাত্রা কমানো সম্ভব।

    থ্রিএফফোরডি (3F4D+MD) হলো ধানের জমিতে পানি সাশ্রয়ের একটি আধুনিক ও পরিবেশবান্ধব সেচ পদ্ধতি, যার পূর্ণরূপ হলো “তিন দিন ভেজানো ও চার দিন শুকনো” (3 Days Flooded and 4 Days Dry)|

    এই পদ্ধতিতে ধানক্ষেতে একটানা পানি জমিয়ে না রেখে পর্যায় ক্রমে ৩ দিন ভেজানো এবং ৪ দিন শুকনো রাখা হয় যে কারনে মাটিতে ক্রমাগত জলাবদ্ধতা না থাকায় চালে অজৈব আর্সেনিকের মাত্রা প্রায় ৪০% পর্যন্ত কমে যায়।
    তিনি বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় এতে ৬৫% থেকে ৮০% পর্যন্ত সেচের পানি কম লাগে, যা কৃষকের উৎপাদন খরচ ও ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমায়। অন্যদিকে পানি কম লাগলেও ধানের ফলন ১৩ % বৃদ্ধি পায়।
    এসিয়া অর্সেনিক নেটওয়র্কের মাঠ সমন্বয়ক আবু হাসান বলেন, চৌগাছা উপজেলার কৃষিসমৃদ্ধ এ গ্রামে গত দুই দশকে আর্সেনিকে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ৩০ জনের। অঙ্গহানি হয়েছে অনেকের। এ রোগে এখনো আক্রান্ত গ্রামটির বহু মানুষ। এ পরিস্থিতিতে খাওয়ার পানির মাধ্যমে আর্সেনিক সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও সেচের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ধানসহ অন্যান্য ফসলেও। মাড়ুয়া গ্রামের মানুষের মধ্যে আর্সেনিক আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য থ্রিএফফোরডি (3F4D+MD) পদ্ধতি চালু করা হয়েছে।
    মাঠ দিবসে বিনামূল্য এলাকার টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

  • শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

    গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) ও মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪)। তাঁরা পলাতক রয়েছেন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১২ জুন দিবাগত রাতে প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা। পরে তাঁকে ধর্ষণ করেন। এ সময় কাউকে না বলতে প্রাণনাশের হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

    পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

    শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু

    মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের কর্মচারীর মৃত্যু

    বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুল ইসলাম মহিন (৩২) নামে এক ঘের কর্মচারী মারা গেছেন। সোমবার (১৫ জুন) উপজেলার নোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাইনুল বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের সোনাকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিনের নোনাডাঙ্গা এলাকায় ঘেরের বাসায় থেকে ঘেরের দেখভাল করতেন। তিনি এখানে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে তিনি ঘেরের পানি দেওয়ার জন্য মেশিন ঠিক করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন।পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে মাহিন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ এম

  • হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

    হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

    মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মাগুরার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোতাকাব্বীর আহমেদ। যোগদানের পর থেকে তিনি মাগুরা সার্কিট হাউসে অবস্থান করছিলেন। রবিবার গভীর রাতে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেল ৪টার দিকে মাগুরা স্টেডিয়ামে অবতরণ করা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়।

    মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক পেটে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসায় ব্যথা কিছুটা কমলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মেহেদী হাসান বলেন, ‘সাধারণত পাকস্থলীর এ ধরনের সমস্যাকে পারফোরেশন বলা হয়ে থাকে। এটি এসিডিটিসহ বিভিন্ন কারণে হতে পারে।’

    এদিকে জেলা প্রশাসকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

    এ এম

  • গাংনী শহরে পাগলা কুকুরের তাণ্ডব, দেড় ঘণ্টায় ১৪ জন আহত

    গাংনী শহরে পাগলা কুকুরের তাণ্ডব, দেড় ঘণ্টায় ১৪ জন আহত

    মেহেরপুরের গাংনী পৌর শহরে একটি পাগলা কুকুরের আক্রমণে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

    গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকা থেকে শুরু হওয়া কুকুরটির তাণ্ডব বাসস্ট্যান্ড, আমিন মিষ্টির গলি ও রাজলক্ষ্মী থানা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

    এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি হঠাৎ উন্মত্ত আচরণ শুরু করে পথচারীদের ওপর হামলা চালাতে থাকে। যে-ই সামনে পড়েছে, তাকেই ধাওয়া করে কামড়ে দেয়। অল্প সময়ের মধ্যে শহরের একাধিক স্থানে অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লে অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য দোকান ও বাসাবাড়িতে ছুটে যান।

    আহতদের মধ্যে রয়েছেন মহিলা কলেজ পাড়ার নুহু (৯), ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদ (৬৩), গাংনী উত্তরপাড়ার মাহাবুর রহমান (১২), ৮ নম্বর ওয়ার্ডের ফারিয়া আক্তার (১২), চৌগাছা গ্রামের হাজি আব্দুল মান্নান (৭০), পশ্চিম মালসাদহ গ্রামের সাদিয়া (১৬), হারদি গ্রামের কাদব আলী (৫৬), গাংনী বাজারপাড়ার মুকুল মিয়া (৪৫), গাংনী বাগানপাড়ার হাবিবুর রহমান (২২), ধানখোলা গ্রামের রফিক (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান (৬০) এবং পূর্ব মালসাদহ গ্রামের হযরত আলী (৫০)সহ আরও কয়েকজন।

    আহতদের দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সামিয়া সুলতানা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকরা জানিয়েছেন, কুকুরের কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, শহরে ভবঘুরে কুকুরের সংখ্যা দীর্ঘদিন ধরেই বেড়ে চলেছে। তবে এ ধরনের ভয়াবহ হামলার ঘটনা আগে খুব একটা দেখা যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

    এ বিষয়ে সচেতন মহল ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি 

    চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি 

    প্রতিনিধি চুয়াডাঙ্গা

    চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

    আজ রবিবার (১৪ জুন) ভোর চারটার দিকে দর্শনা-গেঁদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী।

    ভোরে বিজিবির টহলদল এদেরকে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় আছে তা জানা যায়নি।

    বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

    চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।

  • নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও দোকান ভাঙচুর, আহত ১২

    নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ও দোকান ভাঙচুর, আহত ১২

    নড়াইল প্রতিনিধি

    জমিজমা সংক্রান্ত বিরোধ এবং গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্ততপক্ষে সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ১২জন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

    রোববার (১৪ জুন) সকালে এবং শনিবার বিকেলে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

    প্রতিপক্ষের হামলায় হায়দার, সোহাগসহ অন্তত সাতটি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে। রুহুল ফরাজির লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় টিন ও সিমেন্টের চালা, বেড়া, চেয়ার, ফ্রিজ, টিভি, ফ্যান, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি হয়েছে।

    এছাড়া শনিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় সাইফুল ফরাজী গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে, প্রতিপক্ষের হামলার ভয়ে সাইফুল ফরাজীর গ্রুপের পুরুষরা বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে অবস্থান নিয়েছেন। তারা বাড়িতে ফিরতে চান এবং এ ঘটনার বিচার চান।

    তবে এ অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের রুহুল ফরাজী ও তার পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরই হামলা চালিয়েছে। এতে তাদের গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।

    এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • দীর্ঘদিন পর চালু হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ

    দীর্ঘদিন পর চালু হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    দেশের ১০টি জেলায় একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনের অংশ হিসেবে রবিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন করা হয়েছে।

    সকাল ১০টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি চুয়াডাঙ্গাসহ ১০টি জেলার আইসিইউ উদ্বোধন করেন। পরে হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় স্থাপিত আইসিইউ ইউনিট পরিদর্শন করেন অতিথিরা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ চালু হওয়া জেলার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি দক্ষ জনবল নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে হবে।

    সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, উদ্বোধনের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে খুব শিগগিরই আইসিইউর কার্যক্রম শুরু করা হবে। তবে এ ইউনিট পরিচালনায় দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে।

    এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি, ডা. এহসানুল হক তন্ময়, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন পর আইসিইউ চালুর ফলে চুয়াডাঙ্গার সংকটাপন্ন রোগীরা স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

  • চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

    চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

    চুয়াডাঙ্গা প্রিতিনিধি

    চুয়াডাঙ্গা সদর উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (১৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

    টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তিনি বলেন, “নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দবাড়িয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ শামসুদ্দীন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যাপক মো. খায়রুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সমাপনী বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • চৌগাছার সেই ‘ব্রাজিলবাড়ি’

    চৌগাছার সেই ‘ব্রাজিলবাড়ি’

    এম এ রহিম চৌগাছা থেকে,

    যশোরের চৌগাছায় আট বছর আগে ২০১৮ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিলবাড়ি’ নাম দিয়েছিলেন ব্রাজিলভক্ত জামির হোসেন। গত আট বছর পর এখন চৌগাছা শহরের যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবেন ব্রাজিলবাড়ির ঠিকানা। এই আট বছরে রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে ব্রাজিলের প্রতি ভালোবাসা একটু কমেনি ভক্ত জামির হোসেনের। আলোচিত এই ব্রাজিলবাড়িটি যশোরের চৌগাছা পৌর শহরের চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায মোড়ে।

    জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা হলেও ইছাপুর বটতলায় নিজের বাসভবনে বসবাস করেন। ২০১৮ সালের বিশ্বকাপের সময় তাঁর দোতলা (এখন তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ‘ব্রাজিলবাড়ি’ নাম দিয়েছিলেন। বাড়িটির নিচতলায় ওয়েভ ফাউন্ডেশন নামের একটি এনজিওর অফিস। দোতলায় জামির থাকেন তাঁর পরিবার নিয়ে। চৌগাছা পৌর শহরের যশোর বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে মোটরসাইকেল শো-রুমের পাশাপাশি টিভি-ফ্রিজের একটি শো-রুম রয়েছে জামির হোসেনের।

    জামির হোসেন জানান, তিনি ফুটবল ভালোবাসেন। ফুটবলে তাঁর ভালোবাসা ব্রাজিল। তাই ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছেন। এখনও বাড়িটিতে সেই রং আছে। শহরের সবাই তাঁর বাড়িকে ব্রাজিলবাড়ি হিসেবেই চেনেন।

    স্মৃতিচারণ করে জামির হোসেন বলেন, ২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলেন। দল বেশিদূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হবে। দুশ থেকে তিনশ মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হবে।

    জামির হোসেন আরও বলেন, ফুটবল খেলায় জয়-পরাজয় থাকবে। তবে প্রত্যাশা থাকে উত্তেজনাপূর্ণ ভালো ফুটবল খেলার। শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলুক, এই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, ‘ক্রিকেটে ভারত-পকিস্তান যেমন উত্তেজনা থাকে, তেমনি ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনা থাকবে। তবে সেটি যেন কখনোই সংঘাতে পরিণত না হয়।’

    ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে গোটা যশোরের চৌগাছায় বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। অনেক বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে।

  • ৫ বছর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাবেন নড়াইলের কাশিপুর ইউনিয়নবাসী!

    ৫ বছর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাবেন নড়াইলের কাশিপুর ইউনিয়নবাসী!

    ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এই চিরন্তন বাণীর জীবন্ত উদাহরণ হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নবাসী। এলাকার গরীব ও অসহায়সহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য পাঁচ বছর ফ্রি অ্যাম্বুলেন্স (বিনামূল্য) সার্ভিস চালু করলেন কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের ব্যবসায়ী আতিকুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি ইউনিয়নবাসী।

    শনিবার (১৩ জুন) দুপুরে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা হাট চত্বরে ফিতা কেটে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করে তরুণ উদ্যোক্তা আতিকুল ইসলাম বলেন, ‘এই সার্ভিসের (ফ্রি অ্যাম্বুলেন্স) পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে দ্রুতই এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করব। এর আগে ঈদুল আযহার সময় ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৪০০ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, তেল, সেমাইসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার ভালোলাগা ও ভালোবাসা।’

    উদ্বোধন উপলক্ষে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, বোর্ড স্থাপনসহ অ্যাম্বুলেন্সযোগে প্রচারণাও করা হয়েছে। এছাড়া দু’টি হটলাইন নাম্বার-০১৩৩১-৫০১০৭৮ এবং ০১৯৭৪-৪১৫৫৭৪ চালু করা হয়েছে।

    ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে নড়াইলের কাশিপুর ইউনিয়নের সব গ্রামের মানুষ রোগী নিয়ে ঢাকা, যশোর, খুলনা, নড়াইলসহ দেশের যে কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে পারবেন। আবার হাসপাতাল থেকে রোগী নিয়ে আসতে পারবেন বিনামূল্যে।

    গিলাতলা গ্রামের মতিয়ার রহমান মোল্যা, ইয়াসিন মোল্যা, পদ্মবিলা গ্রামের আব্দুল কাদের এবং কাশিপুর গ্রামের শহিদুল্লাহসহ ইউনিয়নবাসী জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে কখনো দেখেননি তারা। এতে সবার মাঝে দারুণ সাড়া পড়েছে। অসুস্থতার সময়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা সত্যিকার অর্থে পরম পাওয়া। এতে অসহায় রোগীরা উপকৃত হবেন।

    এদিকে, শনিবার (১৩ জুন) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দু’দিন আগে থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়ে হিউম্যান রাইটস নড়াইল জেলা শাখার সহসভাপতি সোহেল রানা বলেন, ‘গত শুক্রবার কাশিপুর যুবসঙ্ঘের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে কিফায়েত নামে একজন খেলোয়াড়ের পা ভেঙ্গে যায়। তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা জানান, তাকে ঢাকায় নিতে হবে। এ সময় আমরা অ্যাম্বুলেন্সের জন্য দৌড়াদৌড়ি করি। এরপর আতিকুল ভাইয়ের বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে কিফায়েতকে ঢাকায় নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সেবা পেয়ে খুশি ইউনিয়নবাসী।

    এদিকে আতিকুল ইসলামের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রশংসা করে কাশিপুর ইউনিয়ন পরিবার-পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, অবশ্য এটি একটি প্রশংনীয় উদ্যোগে। মানুষ বিপদে পড়লে বা অসুস্থ হলে সবচেয়ে অসহায় বোধ করেন। এ মুহূর্তে এমন অ্যাম্বুলেন্স সেবা পেলে রোগীর পরিবার বিশ্বস্ত বা নির্ভরতার জায়গা খুঁজে পান। তাই আতিকুল ভাইয়ের মতো এমন মানবিক কাজে সমাজের অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত। এতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি পর্যায়েও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হবেন। বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাবেন।

  • গাংনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    গাংনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    “সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” মেহেরপুরের গাংনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৩ জুন) গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনোয়ার হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মাসুদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোর্তুজা জামান তামিম, গাংনী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শামীম আহমেদ, সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফর, বিএনপির গাংনী উপজেলা সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক কমিশনার আলমগীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

  • নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

    নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলে বিভিন্ন পেশার ১৩ জন তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। শুক্রবার (১২ জুন) দুপুরে জেলা হাসপাতাল সড়কে আনোয়ারা আওয়াল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

    উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    শাহাদাত হোসেন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, চিত্রা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম, নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ, আল আমিনসহ অনেকে।

    বক্তারা বলেন, বিভিন্ন পেশার ১৩ জন তরুণ উদ্যোক্তার হাতে গড়ে উঠা স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। অনেকের টাকা-পয়সার থাকা সত্তে¡ও উদ্যোক্তা হতে পারেন না। বিপথে টাকা ব্যয় করেন। অথচ ১৩জন তরুণ উদ্যোক্তা ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই শুধু ব্যবসা নয়, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সঠিক রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

    নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ জানান, তাদের এখানে আধুনিক যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, প্যাথলজি, রক্ত ও ডায়াবেটিক পরীক্ষাসহ অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে। ১৩ জন তরুণ উদ্যোক্তা ভালো মানের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

  • উদ্ভাবনের পথে ভূল হবে, থেমে গেলে চলবে না-ডা. ফরিদ

    উদ্ভাবনের পথে ভূল হবে, থেমে গেলে চলবে না-ডা. ফরিদ

    চৌগাছা প্রতিনিধি

    ছোট ছোট স্বপ্নই একদিন বড় স্বপ্ন দেখার পথ তৈরি করে। মানুষ একদিনে হাঁটতে শেখে না। ধীরে ধীরে হাঁটতে শিখেই দৌড়াতে শেখে। তাই ভুলকে ভয় না পেয়ে সেখান থেকে শিক্ষা নিতে হবে।

    চৌগাছা স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বর্ক্তৃতায় স্থানীয় সংসদসদ্য ডা. ফরিদ এসব কথা বলেন।
    তিনি বলেন, বিজ্ঞান মুখস্থ করার বিষয় নয়। বিজ্ঞান বুঝতে পারলে তা অনেক সহজ হয়ে যায়। নতুন কিছু উদ্ভাবন করতে গেলে ভুল হবেই। তবে ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না।

    ডা. ফরিদ বলেন, বিজ্ঞানী টমাস আলভা এডিসন প্রায় ১০ হাজার বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে সক্ষম হন। আজকে আমরা যাদের খুদে বলছি তাদের ধারাবাহিক চেষ্টা অব্যহত থাকলে একদিন জগদীশ চন্দ্র বসু, আইনস্টাইন, নিউটন, ইবনে সিনা ও এরিস্টটলের মতো মহান বিজ্ঞানী ও দার্শনিক তৈরি করবে।

    অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুরা ভুল করবেই। তবে তাদের থামিয়ে দেওয়া যাবে না। নিজেদের মতো করে কাজ করার স্বাধীনতা দিতে হবে।
    তিনি আরও জানান, শিশুদের উদ্ভাবনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার বিপুল অর্থ বরাদ্দ রেখেছে। সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়নে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

    শুক্রবার (১২ জুন) চৌগাছা উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সায়েন্স স্টার্টআপ ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

    প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তরিকুল ইসলাম পৌর কলেজ। দ্বিতীয় হয় চৌগাছা সরকারি কলেজ। তৃতীয় স্থান পায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

    তবে ফলাফল ঘোষণার পর কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, উন্নত চিন্তনশীল প্রজেক্ট থাকার পরেও একটি প্রতিষ্ঠানের অনেক নিম্ন মানের প্রজেক্ট প্রদর্শনী করে পুরস্কৃত করা হয়েছে। তাদের প্রজেক্ট বাইরের থেকে কিনে এনে প্রদর্শন করার অভিযোগও করেন। এতে প্রকৃত উদ্ভাবকদের মধ্যে হতাশা তৈরি হতে পারে বলে তারা মনে করেন। ভবিষ্যতে আরও স্বচ্ছ ও দায়িত্বশীল বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

    এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

    বি. এ

  • খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

    খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

    খুলনার দক্ষিণ লবনচর এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাসার অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত গাজী রফিক দক্ষিণ লবনচরা মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা ও রতন গাজীর ছেলে। তিনি বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন।

    পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রফিকের বড় ছেলে অভিমানে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে ছেলেকে খুঁজতে বের হন রফিক। একপর্যায়ে তাকে না পেয়ে বাড়ির পেছনের একটি ফাঁকা স্থানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার তলপেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যার কারণ, পূর্বশত্রুতা কিংবা রাজনৈতিক কোনো বিরোধ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপির সহকারী কমিশনার (সিটিএসবি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

    বি. এ

  • গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা

    গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা


    মেহেরপুরের গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ জুন ২০২৬) গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।

    গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, এনসিপি নেতা মোঃ মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম।

    মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন অতিথিরা এবং তাদের উৎসাহিত করেন।

    আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী করে তুলতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।

    মেলাটি যৌথভাবে আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

  • ১০ জেলায় ঝড়ের আভাস

    ১০ জেলায় ঝড়ের আভাস

    দেশের ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার (১২ জুন) সাপ্তাহিক ছুটির দিনে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।

    এতে বলা হয়েছে—ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    বি. এ

  • চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

    চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

    চুয়াডাঙ্গা(১১-০৬-২৬)

    চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে দুটি বেকারি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার ১১ জুন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন বেকারি ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।

    অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করছে। এছাড়া অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগও পাওয়া যায়।

    এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ফার্মপাড়া এলাকার মো: হারুন অর রশিদ এর প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে দ্রুত সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধন করে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

    ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • গাংনীতে গরু চুরির অপবাদে যুবককে নির্যাতনের অভিযোগ, মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

    গাংনীতে গরু চুরির অপবাদে যুবককে নির্যাতনের অভিযোগ, মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন


    মেহেরপুরের গাংনী উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে গরু চুরির অপবাদ দিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ীদের বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন পাকুড়িয়া গ্রামের বাসিন্দারা।

    আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাকুড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করেন, পাকুড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে ধরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে তাকে গরু চুরির মামলায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন ও স্থানীয় বিএনপি নেতা রুস্তম আলীসহ এলাকাবাসী অভিযোগ করেন, সম্প্রতি বাঁশবাড়িয়া গ্রামে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মিলনকে কয়েকজন ব্যক্তি আটক করে একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে গরু চুরির অপবাদ দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়।

    তারা দাবি করেন, মামলার বাদীর গরু চুরির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনার পর অন্যের গরু এনে বাড়িতে রাখার অভিযোগও করেন তারা। পাশাপাশি পুলিশ যথাযথ তদন্ত ছাড়া মিলনকে আদালতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন গ্রামবাসী।

    এদিকে, জামিনে মুক্ত হওয়ার পর মিলন হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের দাবি, নির্যাতনের কারণে তার অবস্থা গুরুতর।

    সংবাদ সম্মেলনে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানান।

    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার এসআই চয়ন সেন বলেন, “পাকুড়িয়া গ্রামের মিঠুনসহ কয়েকজন মিলনকে ধরে থানায় দিয়ে গেছে। গরু চুরির চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”

    আহত অবস্থায় চিকিৎসা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “চিকিৎসার কাগজপত্র রয়েছে। তাকে সুস্থ অবস্থায় আদালতে পাঠানো হয়েছিল।”

    এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

  • চৌগাছায় প্রতিপক্ষের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

    চৌগাছায় প্রতিপক্ষের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

    চৌগাছা সংবাদদাতা

    যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মায়া খাতুন।

    বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত জুয়েল রানা মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

    থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েল রানা আওয়ামী লীগের কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতবিরোধ নিয়ে জুয়েল রানার সাথে একই গ্রামের নজরুল ইসলাম মেম্বার, ইউসুফ আলী, কাশেম আলী ও বাবু রহমানদের দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন দুপুরে জুয়েল রানা চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড় নামক স্থানে একটি চায়ের দোকানে বসে রাজনৈতিক আলাপ করছিলেন।

    এ সময় রানা তার প্রতিপক্ষদের ব্যাপারে বাজে মন্তব্য করতে থাকেন। এতে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় জুয়েল রানার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে মারাত্মক আহত হন তিনি। ঘটনার সময় প্রতিপক্ষের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী মায়া খাতুনও আহত হন।

    স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে স্ত্রী মায়া খাতুন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। তবে সেখানে জুয়েল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার্ড করেন ডাক্তাররা। যশোর সদর হাসপাতালে নেয়ার পর সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

    চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদরে জন্য দু’জনকে আনা হয়েছে। আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

  • চুয়াডাঙ্গা জেলা প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা

    চুয়াডাঙ্গা জেলা প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জেলাকে সি গ্রেড থেকে বি গ্রেডে নেওয়া ও সকল বাঁধা মোকাবেলা করে পরিষদের বেদখল সম্পদ পূণ উদ্ধার করে জনকল্যাণে ব্যবহার করা হবে।

    চুয়াডাঙ্গা প্রেসক্লাব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ।

    বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রকাশক ও সম্পাদক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি।

    অনুষ্ঠানে জেলার সাংবাদিক, পেশাজীবী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শরীফুজ্জামান শরীফের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁর অগ্রণী ভূমিকা প্রত্যাশা করে নানা আশাবাদের কথা ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, শাহজাহান মুকুল, অ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আল আমিন, রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা বলেন, সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে শরীফুজ্জামান শরীফের দীর্ঘ অভিজ্ঞতা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তাগন তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।ঐ

    সংবর্ধনার জবাবে শরীফুজ্জামান শরীফ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

  • বাগেরহাটে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

    বাগেরহাটে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

    বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে শুভরাতকাটীর ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ কেটে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।

    বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেন।

    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিগাতি ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ দাস, সার্ভেয়ার আনোয়ার হোসেন।

    জানা গেছে, ১০ থেকে ১২ বছর স্থানীয় প্রভাবশালীরা ৪ কিলোমিটারের একাধিক বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছিলেন। বাঁধ অপসারণের ফলে পঞ্চকরণ ইউনিয়নের মিস্ত্রী গ্রাম সহ ৫ গ্রামের প্রায় ৩শ’ বিঘা ফসলী জমি দুই ফসলীর আওতায় এলো।

    দীর্ঘদিনের জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেন ৫ গ্রামের হাজারও মানুষ।

  • নড়াইলে সাংবাদিক পত্নী বিপাশা ট্রাকচাপায় নিহত

    নড়াইলে সাংবাদিক পত্নী বিপাশা ট্রাকচাপায় নিহত

    নড়াইল প্রতিনিধি

    কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আমেনা হাসান বিপাশা (৩২)।

    বুধবার (১০ জুন) বিকেলে যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ওইদিন (বুধবার) সকালে ভ্যানযোগে কর্মস্থলে যাওয়ার পথে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কে কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে বিপাশাকে ট্রাকচাপা দেয়।

    বিপাশা নড়াইলের সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তারা লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় বসবাস করতেন।

    নিহত বিপাশার পরিবার ও স্বজনেরা জানান, প্রতিদিনের মতো বুধবারও লক্ষীপাশার বাসা থেকে ভ্যানযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের কালনাঘাট এলাকায় মধুমতি ইটভাটার সামনে পৌঁছালে ভ্যানটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

    গুরুতর আহত বিপাশাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

    নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ওসি হাবিল হোসেন জানান, ট্রাকচাপায় আমেনা হাসান বিপাশা নিহত হয়েছেন। তবে, ট্রাকটিকে জব্দ করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

    এদিকে, দীপ্ত টিভি ও আজকের পত্রিকার সাবেক নড়াইল জেলা প্রতিনিধি তানভীর আহমেদ রুবেলের স্ত্রী আমেনা হাসান বিপাশা নিহতের ঘটনায় সাংবাদিকদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। রুবেল-বিপাশা দম্পতির দু’টি ছেলে সন্তান রয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নড়াইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

  • চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে  ২8০ কেজি চাল-আটা জব্দ

    চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে  ২8০ কেজি চাল-আটা জব্দ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএসের ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ওএমএস ডিলার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) ভর্তি সরকারি চাল ও আটা উদ্ধার করা হয়। পরে তদন্তে উদ্ধারকৃত খাদ্যসামগ্রী সরকারি ওএমএস কর্মসূচির পণ্য বলে নিশ্চিত হওয়া যায়।

    জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন৪৭) তার ওএমএস এর গুদাম চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় হলেও তিনি আলমসাধুতে করে সাতগাড়ীর দিকে নিয়ে যাচ্ছিলেন , এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আলমসাধু থেকে সরকারি ওএমএসের ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা।

    এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক মালিক এর ছেলে চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযান চলাকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ জানানো সহ ডিলারের শাস্তি দাবি করেন , সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা অধিক মুনাফার আশায় অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, “সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

    অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও জেলা পুলিশের একটি টিম।

  • বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার জব্দকৃত ভারতীয় পণ্য উধাও!

    বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার জব্দকৃত ভারতীয় পণ্য উধাও!

    বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কর্তৃক জব্দ করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বেবিওয়্যার ও প্রসাধনী সামগ্রী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযোগ উঠেছে, জব্দকৃত দামি পণ্য সরিয়ে সেখানে নিম্নমানের দেশীয় পণ্য রাখা হয়েছে। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

    কাস্টমস সূত্র জানায়, গত ১২ মার্চ যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান সাফা ইমপেক্স ভারত থেকে একটি চালান আমদানি করে। আমদানি নথিতে বেকিং পাউডার ঘোষণা করা হলেও কাস্টমসের কায়িক পরীক্ষায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বেবিওয়্যার ও প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এ ঘটনায় ২ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৫১৫ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে কাস্টমস চালানটি জব্দ করে বন্দর কর্তৃপক্ষের জিম্মায় রাখে।

    জব্দকৃত চালানটির ম্যানিফেস্ট নম্বর ৬০১২০২৬০০১০০১৬৩৩৩। সিএন্ডএফ অ্যাজেন্ট হিসেবে চালানটি গ্রহণ করে বেনাপোলের মেসার্স হুদা এন্টারপ্রাইজ। পরে চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে বন্দরের তত্ত্বাবধানে রাখা হয়। আমদানি নথিতে পণ্য হিসেবে বেকিং পাউডারের ঘোষণা দেয়া হলেও কাস্টমসের কায়িক পরীক্ষায় সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। পরীক্ষাকালে ১০৮ কার্টনে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় দামি শাড়ি, থ্রিপিস, বেবিওয়্যার, ফেসওয়াশ, ক্রিম, লোশনসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।

    কাস্টমস কর্মকর্তাদের ধারণা, স্থলবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে বন্দরের ভেতরের কারো সহযোগিতা ছাড়া এমন দুঃসাহসিক চুরি ও জালিয়াতি সম্ভব নয়। ইতোমধ্যে বন্দর কর্তৃপক্ষকে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব পরিশোধে চরমপত্র দিয়েছে কাস্টমস।

    পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে গত ২ জুন পুনরায় চালানটি পরীক্ষা করে দেখা যায়, জব্দকৃত ভারতীয় পণ্যের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের পণ্য রাখা হয়েছে। কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান জানান, উদ্ধার হওয়া পণ্যের কার্টনে দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নাম এবং দেশীয় সংবাদপত্র ও কুরিয়ার সার্ভিসের আলামত পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে পণ্যগুলো দেশের ভেতর থেকেই সেখানে আনা হয়েছে।

    বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, আমদানি করা ভারতীয় দামি পণ্যের পরিবর্তে যে দেশীয় পণ্য পাওয়া গেছে, সেগুলো বাংলাদেশী বসুন্ধরা ও মেঘনা শিল্প গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম মুদ্রিত কার্টনে রাখা ছিল। এছাড়া দেশীয় সংবাদপত্রে মোড়ানো এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের স্টিকারযুক্ত পিপি বস্তাও পাওয়া গেছে। এসব আলামত প্রমাণ করে পণ্যগুলো দেশের ভেতর থেকেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

    বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: শামীম হোসেন জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শেড ইনচার্জকে প্রত্যাহার করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রথমে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয় এবং পরে জব্দকৃত পণ্য সরিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনায় সঙ্ঘবদ্ধ একটি চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

  • চুয়াডাঙ্গায় ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে অভি ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

    চুয়াডাঙ্গায় ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে অভি ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার অভি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

    বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

    অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ও টেক্সটাইল কালার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

    পরে এসব অপরাধে অভি ফুড প্রোডাক্টসের মালিক অভিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

    সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় অনিয়মের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

    অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি টিম অংশ নেয়।

  • সরকারি হাসপাতালে চিকিৎসকের শূন্যপদ ৯,৪০৭

    সরকারি হাসপাতালে চিকিৎসকের শূন্যপদ ৯,৪০৭

    স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১টি হাজার ৮০৬টি পদের মধ্যে শূন্য নয় হাজার ৪০৭টি। নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৫০১ টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি এবং স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।

    বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

    যশোর-৪ আসনের গোলাম রসুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ২১১টি পদের বিপরীতে কর্মরত আছে সাত হাজার ৪২৯ জন। পদ শূন্য রয়েছে ৫ হাজার ৭৮২টি। নার্সের ১৩ হাজার ৮০৯টি পদের মধ্যে ১২ হাজার ১৪৬ জন কর্মরত আছে। নার্সের শূন্য পদ এক হাজার ৬৬৩টি। অন্যান্য কর্মচারীদের তিন হাজার ১৮৬টি পদের বিপরীতে কর্মরত দুই হাজার ১২০জন কর্মরত। শূন্যপদ এক হাজার ৬৬টি।

    মন্ত্রী জানান, সারা দেশের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের এক হাজার ১৩৪টি পদের মধ্যে ৬৪৪ জন কর্মরত ও ৬৭০টি পদ শূন্য রয়েছে। মিডওয়াইফের এক হাজার ৩১২টি পদের মধ্যে কর্মরত ৭৪৬ জন এবং শূন্যপদ ৪৬৬টি। অন্যান্য কর্মচারীদের দুই হাজার ৬২৭টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৬৮২ জন কর্মরত এবং শূন্যপদ ৯১৫টি। সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের তিন হাজার ১৬৭টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৪৬০ জন, শূণ্যপদ এক হাজার ৭০৭টি। স্যাকমো তিন হাজার ১৬৫টি পদের মধ্যে কর্মরত এক হাজার ৬৪৫ জন কর্মরত এবং শূণ্যপদ এক হাজার ৫২০টি।

    সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বছরে দুই লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষধ সরবরাহ করা হয়।

    নিলোফার চৌধুরী মনির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহার করে তৈরি পোল্ট্রি ও মাছের খাদ্য মানুষের শরীরে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার ও কিডনি রোগের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    নিলোফার চৌধুরী মনি জানতে চান, ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও ফিশ ফিড ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে কি না এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বা নেবে কি না।

    জবাবে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি সম্পূর্ণ সত্য উল্লেখ করে বলেন, বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন থেকে এর প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, চামড়া প্রক্রিয়াজাতকরণের সময় ‘ক্রোমিয়াম’সহ বিভিন্ন ভারী ধাতু ব্যবহার করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী এসব বিষাক্ত চামড়ার বর্জ্য ব্যবহার করে কম খরচে পোল্ট্রি ও মাছের খাদ্য তৈরি করে থাকে।

    মন্ত্রী জানান, এ ধরনের খাদ্য খাওয়ানো মুরগির মাংস ও ডিমে বিষাক্ত ‘হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম’ (Cr-VI) জমা হয়, যা রান্নার তাপেও নষ্ট হয় না। এই মুরগি বা মাছ মানবদেহে প্রবেশ করলে তা থেকে ক্যান্সার, লিভার সিরোসিস, আলসার এবং কিডনি নষ্ট হওয়ার মতো মারাত্মক জটিল রোগের ঝুঁকি তৈরি হয়। এ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

    তিনি জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে। ২০১৭ সালে হাই কোর্টের নির্দেশের পর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে স্থানান্তর কার্যকর করা হয়।

    চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য আধুনিক ইক্যুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনা গতিশীল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কন্টেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্নআরাউন্ড সময় ইতোমধ্যে হ্রাস পেয়েছে। ভবিষ্যতে আরো হ্রাস পাবে বলে আশা করা যায়। আগামী ২০৩০ সালের মধ্যে বে-টার্মিনাল চালু হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

    চাপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলামের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐহিত্যের ইনভেন্টরিতে তালিকাভূক্ত করা হয়েছে।

    সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরীর প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশে গেজেটভুক্ত ৫০টি নৃ-গোষ্ঠী এবং অন্যান্য নৃ-গোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ।

  • চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

    চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামিসহ গ্রেফতার ৪

    বিডি টািইমস ডেস্ক,

    চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    গ্রেফতারদের মধ্যে রয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম।

    পুলিশ জানিয়েছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি।

    এদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আলমগীর মণ্ডল (৩০), মো: আকরাম হোসেন (২৯) ও মো: আখের আলী (৫৫)। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • চুয়াডাঙ্গায় অনুপ্রবেশ ঠেকাতে রাতেও স্থানীয়দের নিয়ে সতর্ক বিজিবি

    চুয়াডাঙ্গায় অনুপ্রবেশ ঠেকাতে রাতেও স্থানীয়দের নিয়ে সতর্ক বিজিবি

    অবৈধভাবে কোনো যাচাই বাছাই ছাড়াই নির্বিচারে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশী আখ্যা দিয়ে অমানবিক আচরণকরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে তাদের এদেশে ঠেলে দিচ্ছে। এতে নিদারুণ কষ্ট পোহাচ্ছে ওই মানুষগুলো।

    বিজিবি’র সাথে স্থানীয় বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবি হ্যান্ড মাইক যোগে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে প্রচার চালাচ্ছে।

    সীমান্তের ১৫০ গজের ভেতর কেউ যেনো অবস্থান না নেয়, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

    চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবি টহল অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা বিজিবি’র কাজে সহযোগীতা করছে।

    মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বিজিবি রাতদিন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করছে। এ কাজে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট কাজ করছে।

  • নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

    নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

    নড়াইল প্রতিনিধি

    নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    এরা হলো-ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং তার বড় ভাই পাঁচ বছরের শিশুপুত্র আবু বক্কার। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় তারা। এ সময় তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ঘুম থেকে উঠে ঘরে সন্তানদের না দেখে বাড়ির পাশে খোঁজাখুজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে খোঁজার এক পর্যায়ে তাদের সন্ধান পান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, এখানে আসার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।
    এদিকে, শিশু ওমর ফারুক ও আবু বক্কারের মৃত্যুতে তাদের পরিবার, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশিদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। #

  • নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

    নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ

    নড়াইল প্রতিনিধি

    নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাজমুল ইসলামের বাড়িতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চাঁদা দাবি ও নারীদের মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বিকেলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত সোমবার দুপুরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

    ওই গ্রামের মিজানুর মোল্যা ও তার ভাই তরিকুল ইসলাম এবং ফাতেমা বেগম তুলির বিরুদ্ধে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা।

    ভুক্তভোগীদের অভিযোগ, নড়াইলের ঈশানগাতী মৌজার ১২৯৭ দাগের সাড়ে চার শতাংশ জমির মধ্যে দুই শতাংশ জমি নিয়ে একই গ্রামের ফাতেমা বেগম তুলি ও ত্রা স্বামী মিজানুর মোল্যা এবং মিজানুরের ভাই তরিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের সৈয়দ কামরুজ্জামানের স্ত্রী সালেহা মেগম ও ছেলে নাজমুল ইসলামের বিরোধ চলে আসছে।

    এ বিরোধ নিয়ে আদালতে মামলা হলে জমির মালিকানার রায় পান ভুক্তভোগী নাজমুল ইসলাম। তবে এ রায়কে উপেক্ষা তরিকুল ইসলামের পরিবার দুই শতাংশ জমি দখলের চেষ্টা করেন।

    এর জের ধরে গত সোমবার (৮ জুন) দুপুরে তরিকুল ইসলামের পরিবারসহ তাদের লোকজন প্রবাসী নাজমুল ইসলামের পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর চালায়। এছাড়া নাজমুল ইসলামের চাচাতো বোন হাসিবা আক্তারকে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    ভুক্তভোগী নাজমুলের মা সালেহা বেগম, তার চাচা সৈয়দ আহাদসহ তাদের পরিবারের সদস্যরা বলেন, দেশি অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে আমাদের হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমরা এসব ঘটনার বিচার চাই।

    এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলামসহ তার পরিবার জানায়, ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

  • গাংনীতে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

    গাংনীতে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

    মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

    নিহত আলী হোসেন পুরাতন মচমুড়া গ্রামের মালেশিয়া প্রবাসি ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
    আজ বুধবার বিকাল সাড়ে তিনটার সময় পুরাতন মটমুড়া গ্রামে একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলার সময় গুড়িগুড়ি বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হয় আলী হোসেন। তাকে আহতাবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
    গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

  • নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

    নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন, কঠোর ব্যবস্থার আশ্বাস প্রশাসনের

    নড়াইল প্রতিনিধি

    নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

    বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গত তিনদিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল।

    খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন।

    দিঘলিয়া গ্রামের শামীম মোল্যাসহ অনেকে জানান, ১৬ শতক সরকারি জমি থেকে সাইফ উদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিনদিন ধরে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

    বিষয়টি প্রশাসনকে জানানোর পর গাছগুলো জব্দ করেছে।

    তবে, কিছু গাছ অভিযুক্ত সাইফ উদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনার পর সাইফ উদ্দিন গা ঢাকা দিয়েছেন।

    এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছকাটার খবর পেয়ে ইউনিয়ন নায়েবকে আমি ঘটনাস্থলে পাঠায়। গাছগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সুবদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার হযরত আলী জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মরহুম আক্কাস আলীর ছেলে।

    দুপুর ৩টার দিকে জেলা পুলিশের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামসহ একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত আলীকে আটক করে। এ সময় তার কাঁধে বাঁধানো কফি কালারের ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, আটককৃত গাজার বিষয়ে সদর থানায় মামলা হয়েছে এবং আটককৃত আসামিকে চুয়াডাঙ্গা কোর্টে পাঠানো হয়েছে।

  • স্বামীকে লাইভে রেখে নববধূর আত্মহত্যা

    স্বামীকে লাইভে রেখে নববধূর আত্মহত্যা

    যশোরের চৌগাছায় স্বামীকে লাইভে রেখে নববধূ শেফা (১৮) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকার মুজিবুল ইসলামের মেয়ে ও উপজেলার চুটারহুদা গ্রামের মিন্টুর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে সেতুর স্ত্রী।

    রোববার রাতে চৌগাছা পৌরসভার কুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেতুর চৌগাছা শহরে আকবর মার্কেটে বেস্ট ওয়ান নামে একটি কাপড়ের দোকান আছে।

    শেফার পারিবারিক সূত্র জানায়, দুই মাস পূর্বে সেতু ও শেফার বিবাহ হয়। কিন্তু বিয়ের পর থেকেই সেতু ও তার পরিবার প্রথমে ব্যবসা করার জন্য এবং পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য শেফার পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করে। শেফার পরিবার টাকা দিতে ব্যর্থ হলে তাকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে টর্চার করতে থাকে। এক পর্যায়ে নিরুপায় হয়ে রোববার রাতে তার স্বামী সেতুকে লাইভে রেখে শেফা তার পিতার বাড়িতে গলায় রশি দেয় । পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সবার একই কথা মেয়েটার হাতের মেহেদি শোকানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লো।

    চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • চুয়াডাঙ্গার জয়রামপুর ও আনছারবাড়ীয়া স্টেশন সংস্কার, সকল ট্রেন  স্টপেজের দাবি জাতীয় সংসদে

    চুয়াডাঙ্গার জয়রামপুর ও আনছারবাড়ীয়া স্টেশন সংস্কার, সকল ট্রেন  স্টপেজের দাবি জাতীয় সংসদে

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গার জয়রামপুর ও আনছারবাড়ীয়া স্টেশন সংস্কারও সকল ট্রেন স্টপেজের জন্য মহান জাতীয় সংসদে জোর দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা -২ আসনের ( দর্শনা- দামুড়হুদা ও জীবননগর) নির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিন এমপি ।

    ৭১ বিধি নোটিশে সম্পুরক প্রশ্নোত্তর কালে বলেন, ১৮৬২ সালে প্রথম দর্শনা দিয়ে রেল যোগাযোগ শুরু হয়। ওই সময়েই জয়রামপুর স্টেশন চালু হয়। অনেক পরে আনসার বাড়িয়া স্টেশন ও চালু হয়। কিন্তু দুঃখের বিষয় বিগত সরকারের আমলে কোন এক দুষ্ট চক্রের কারণে স্টেশন দুটিতে রেল স্টপেজ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আনসার বাড়িয়া ও জয়রামপুরের নিকটে কোন ভালো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ছাত্রদেরকে যন্ত্রচালিত নসিমন, করিমনও ভডভডে নামক এলাকার যানবহনে চড়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আসতে হয়। আসার পথে অনেক সময় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে অকালেই তাদেরকে পঙ্গু হতে হয়, এতে তাদের বাবা-মার স্বপ্ন অল্প দিনেই নিভে যায়।তাই তিনি এলাকার অভিভাবকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা অর্জন করার কথা মাথায় রেখেই রোববার জাতীয় সংসদে মাননীয় স্পিকার এর কাছে এই দুটি স্টেশনে ট্রেন স্টপেজের জন্য জোর জানান।

  • দামুড়হুদার দর্শনায় ধর্ষণের ঘটনার আপোষ মীমাংসা করার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে

    দামুড়হুদার দর্শনায় ধর্ষণের ঘটনার আপোষ মীমাংসা করার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দের বিরুদ্ধে

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিয়েল ইসলাম লিওন (৩০) এক নারী সাথে ধর্ষণ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় বিএনপি ও ছাত্রদল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আপোষ মীমাংসা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে অভিযোগকারী ওই নারী ও ছাত্রদল নেতা রিয়েল ইসলাম লিওনের সাথে মোবাইল ফোনে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

    সোমবার ওই নারী কে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ধারাবাহিক হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র ৪ দিনের মাথায় শুক্রবার রাতে সেই অভিযোগের বিষয়ে আর কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ার আবেদন করেছেন ওই নারী। ঘটনাটি নিয়ে চুয়াডাঙ্গা ও ঢাকার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    ১ জুন সোমবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এলাকার বাসিন্দা রিয়েল ইসলাম লিওন রাসেল ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন। দীর্ঘদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। মোটা অঙ্কের অর্থ নিয়েছেন এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। অভিযোগে অভিযুক্তের মোবাইল নম্বর ও ঠিকানাও উল্লেখ করা হয়। অভিযোগের সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আবেদনকারী।

    তবে ঘটনার নাটকীয় মোড় আসে শুক্রবার ২০২৬ ভুক্তভোগী ওই নারী পুনরায় মোহাম্মদপুর থানায় আরেকটি লিখিত আবেদন করে। তিনি জানান, গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসা হয়েছে। রিয়েল ইসলাম লিওন রাসেলের বিরুদ্ধে তার আর কোনো অভিযোগ নেই। একইসঙ্গে তিনি ভবিষ্যতেও এ বিষয়ে কোনো অভিযোগ করবেন না বলেও আবেদনপত্রে উল্লেখ করেন।

    আরও বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পূর্বে দায়ের করা জিডির ভিত্তিতে আর কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক নন। ফলে জিডিটি রেকর্ডে থাকলেও পরবর্তী কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।

    এদিকে রিয়াল ইসলাম লিওনের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ দায়েরের পর অল্প সময়ের ব্যবধানে অভিযোগ প্রত্যাহারের আবেদন করায় স্থানীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের পেছনের বাস্তবতা কী, অভিযোগগুলো কতটুকু সত্য ছিল, কিংবা কী পরিস্থিতিতে আপস-মীমাংসা হলো এসব বিষয় নিয়ে আলোচনা-সমালোচনাচলছে।

    মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার শেখ তামিম আহম্মেদ (বিপি নং-৯৩২৩২৪৬২৬৭) জিডি গ্রহণ করেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

    এ বিষয়ে ঢাকা মোহাম্মদপুর থানার ওসি তদন্ত রকিবুজ্জামান বলেন, থানায় এই ধরনের জিডি অনেকেই করে। আপনি তদন্ত কর্মকর্তার সাথে কথা বলেন বলে জানিয়েছেন ।

    বর্তমানে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হলেও অভিযোগ ও পাল্টা অবস্থানের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট তদন্ত সংস্থার। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

    এ বিষয়ে রিয়েল ইসলাম লিওন বলেন আমার পক্ষে দলের উচ্চ পর্যায়ের দুইটি সিনিয়র গ্রুপ কাজ করেছে। মেয়ের পরিবারের সাথে আপোষ মীমাংসা করা হয়েছে। মেয়ে নিজে জিডি প্রত্যাহারের জন্য আবেদন করে।

    এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, আমার পারিবারের সাথে বিএনপির নেতৃবৃন্দের বসে এবিষয়টি আপস মীমাংসা করা হয়েছে। অপরাধী যেই হোক আল্লাহ বিচার করবে। আমি আমার অভিযোগের জিডি প্রত্যাহারের জন্য আবেদন করেছি।

    চুয়াডাঙ্গা জজ কোর্টের (পিপি) আইনজীবী মারুফ সরোয়ার বাবু বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থানায় জিডি অথবা মামলা হলে আপস-মীমাংসার নিষ্পত্তিযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী কার্যক্রম চলবে।

    চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। আপসের বিষয়ে আমি জানিনা।

    এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, এ ঘটনাটি শুনেছি। এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির নেতৃবৃন্দ মীমাংসার জন্য পরামর্শ দিলে দিতে পারে। তবে এর সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নেই।

  • চুয়াডাঙ্গায় ঝড়ের রাতে বিদ্যুৎহীন সদর হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা; তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

    চুয়াডাঙ্গায় ঝড়ের রাতে বিদ্যুৎহীন সদর হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা; তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গায় ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সদর হাসপাতালের জরুরি বিভাগে মোবাইল ফোনের টর্চের আলোয় চিকিৎসা সেবা দেওয়ার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে হাসপাতালের এমন চিত্র চোখে পড়ে, যা জরুরি স্বাস্থ্যসেবার মান ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া ঝড়-বৃষ্টির পর চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পর আলমডাঙ্গার নান্দাবারে বজ্রপাত ও ঘোড়ামারা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

    হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন ভবন পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত। পুরোনো ভবনে জেনারেটর চালু থাকলেও নতুন ভবনে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি। প্রায় এক ঘণ্টা ধরে এমন পরিস্থিতি বিরাজ করে। পরে নতুন ভবনে জেনারেটর চালু করা হলেও জরুরি বিভাগের কক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়নি।

    এ অবস্থায় কাটা-ছেঁড়া ও আহত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের মোবাইল ফোনের টর্চের আলো ব্যবহার করতে দেখা যায়। অন্তত চারজন রোগীকে টর্চের আলোয় সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    রোগী ও স্বজনদের অভিযোগ, একটি জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। বিদ্যুৎ বিভ্রাটের মতো স্বাভাবিক দুর্যোগ মোকাবিলায় হাসপাতালের প্রস্তুতি ও জেনারেটর ব্যবস্থাপনা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

    এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার-এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে হাসপাতালের এমন অব্যবস্থাপনা ও জরুরি বিভাগের বিদ্যুৎ সংকট সম্পর্কে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ঝড়ের রাতে বিদ্যুৎহীন হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা দেওয়ার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে হাসপাতালের জরুরি বিদ্যুৎ সরবরাহ ও জেনারেটর ব্যবস্থাপনা আরও কার্যকর এবং জবাবদিহিমূলক করা হোক।

  • চৌগাছায় শিক্ষার্থীদের উদ্যোগে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

    চৌগাছায় শিক্ষার্থীদের উদ্যোগে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

    যশোরের চৌগাছায় সামাজিক সংগঠন জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে শিশুসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

    শনিবার (৬ জুন) উপজেলার গরীবপুর আদর্শ বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে যশোর মেডিসিন ব্যাংক বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবারাহ করে।

    এ মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। জাগজাপিডা প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

    সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে যশোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেন। এ ক্যাম্পে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর, জামলতা, জাহাঙ্গীরপুর, পিতাম্বরপুর ও হুদাফতেপুর গ্রামসহ বেশকটি গ্রামের সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলে।

    এতে সভাপতিত্ব করেন জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সভাপতি আশানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিসিন ব্যাংকের সভাপতি ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার হুসাইন সাফায়াত। বিশেষ অতিথি ছিলেন গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল আরিফ শান্তি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, সহ-সভাপতি হুসাইন আহমেদ ও যশোর এম এম কলেজের বাংলা বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূর ইসলাম, জাগজাপিডা শিক্ষার্থী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। তাদের মধ্যে ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের ওরাল ও ডেন্টাল সার্জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা: ইয়াকুব আলী মোল্লা, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: মাসুম রেজা, সার্জন ও প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: জিয়াসমীন আক্তার তনিমা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা: সাইফুর রহমান, যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: জসীম উদ্দীন সরকার এবং শিশু গ্যাস্ট্রো-লিভার, পুষ্টি ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা: উম্মে জান্নাতুল ফেরদৌস।

    উল্লেখ্য, ২০০১ সালে সিংহঝুলি ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীদের ঐক্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে গঠিত হয় জাগজাপিডা শিক্ষার্থী সংগঠন। জাহাঙ্গীরপুর, গরীবপুর, জামালতা, পিতম্বরপুর ও ডাইনে (হুদাফতেপুর) গ্রামের শিক্ষার্থীদের মধ্যে বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চৌগাছার সন্তান সাংবাদিক মুরসালিন নোমানী। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • গাংনীতে  ট্রাক-ইজিবাইক সংঘর্ষে চালক ও দুই শিশুসহ নিহত ৩

    গাংনীতে  ট্রাক-ইজিবাইক সংঘর্ষে চালক ও দুই শিশুসহ নিহত ৩

    মেহেরপুরের গাংনী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক ও দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    আজ বৃহস্পতিবার (৪জুন) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার আলিনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন সদর উপজেলার উত্তরশালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে শিশু আবরার হোসেন এবং উত্তরশালিকা গ্রামের মহিন হোসেনের মেয়ে আফরিন।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি বামন্দী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে আলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন চালক আরিফ হোসেন।


    দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশু আবরার, আফরিন, মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু আবরার ও আফরিনের মৃত্যু হয়। আহত মাহিন ও মুক্তা খাতুনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
    দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।


    গাংনী থানার ওসি উত্তম কুমার বলেন, “নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ

    চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হলেন শরীফুজ্জামান শরীফ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    রাজনীতির মাঠে দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

    নিয়োগের খবর প্রকাশের পর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য পোস্ট দিতে দেখা যায়। নেতাকর্মীদের অনেকে এ নিয়োগকে ‘ত্যাগের স্বীকৃতি’ ও ‘জনমানুষের নেতার প্রাপ্য সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন।

    চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে শরীফুজ্জামান শরীফ দীর্ঘদিন ধরে একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, দলীয় কার্যক্রম এবং সাংগঠনিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলীয় পরিমণ্ডলের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

    জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় সরকারের সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে মনে করছেন সচেতন মহল।

    এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর শরীফুজ্জামান শরীফকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদ জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

  • গাংনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন, ৭ দফা দাবি উত্থাপন

    গাংনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন, ৭ দফা দাবি উত্থাপন


    ইসলামী ব্যাংকের বিভিন্ন অনিয়ম, লুটপাটের অভিযোগ এবং ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, গাংনী-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ব্যাংক খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে অতীতে যেসব অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

    মানববন্ধন থেকে গ্রাহকরা ৭ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ, ব্যাংক রেজল্যুশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখল করা মালিকানা ও দেশে থাকা সম্পদ বিক্রি করে লুট হওয়া অর্থের সমন্বয়, এস আলম যাতে ভবিষ্যতে কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরতে না পারে তা নিশ্চিত করা এবং ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।

    বক্তারা বলেন, গ্রাহকদের স্বার্থ ও দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।