একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

Bangladesh Jamaat-e-Islami Amir Dr Shafiqur Rahman speaking at a session

প্রতিবেদন:

·

,

গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চেষ্টা পরিলক্ষিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আরও বলেন, ‘একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা।’

আজ শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি বলেন, এটি বাংলাদেশকে কোনো সুবিধা দেবে না, বরং এর মাধ্যমে অতীতের ফ্যাসিবাদীরা সুযোগ পাবে।সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, সমাধান আপনারা খুঁজে বের করুন এবং জনগণের গণরায় বাস্তবায়ন করুন। তাহলে ২০২৪ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নতুন করে ঐক্যের কোনো প্রক্রিয়া শুরু করার দরকার হবে না। এর ওপরেই জাতীয় ঐক্য তৈরি হয়ে যাবে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকার জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই মানতে হবে।’ কোনো কিছুর বিনিময়ে নিজেদের অবস্থান পরিবর্তন না করার ঘোষণাও দেন তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা বসব তবে জনগণের দাবি নিয়ে আমাদের দলের দাবি নিয়ে নয়।’

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণা। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাতে আদালত হাত দিতে পারবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হাত দিতে পারবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘নারী, শিশু ও আমাদের মা বোনেরা নিরাপদ নয়। সারা দেশে মাদকের ঝনঝনানিতে সয়লাব। স্কুলের গেটে ও ভেতরে মাদক বিক্রি হয়। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির সারা দেশ।’

পোশাক শিল্পের অস্থিরতা নিয়ে শফিকুর রহমান বলেন, ‘পোশাক শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’ জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বলেছি, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে ও শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার শিল্প মালিকদের।’

পোশাক শিল্পকে ধসিয়ে দিয়ে মাটির সঙ্গে বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সংবাদমাধ্যমে এ শিল্প নিয়ে নেতিবাচক ও ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে, এই শিল্পও টিকবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই শিল্প ধ্বংসের পেছনে তাদেরও কোনো হাত আছে কি না?’

মজলিসে শূরার অধিবেশন

গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে জামায়াতের মজলিসে শূরা। এ ছাড়াও চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের প্রচার বিভাগ জানায়, অধিবেশনে স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, হামের টিকাদান ও চিকিৎসা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। পাশাপাশি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।প্রস্তাবে ‘জুলাই গণহত্যা’ ও শরিফ ওসমান হাদি হত্যার বিচার, চাঁদাবাজি-দখলবাজি-সন্ত্রাস বন্ধ, পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা দমন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইন বন্ধ এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা, প্রবাসীদের সমস্যা সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ফিলিস্তিনসহ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ