দেশের চামড়াশিল্পের সংকট নিরসন ও আগামীর সম্ভাবনা কাজে লাগাতে পৃথক মন্ত্রণালয় গঠনসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বরাদ্দের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়াশিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। শুধু ইটিপির ওপর নির্ভর করলে চলবে না। খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠানও নানা সংকটে পড়েছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে।
সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ ফাউন্ডেশনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চামড়াশিল্পের বিভিন্ন খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলা এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়েও কাজ করবে সংগঠনটি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতার কারণে বিশ্ববাজারে চামড়াশিল্প কাঙ্ক্ষিত হিস্যা পাচ্ছে না। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরির কাজ চলছে।
চামড়াশিল্পের উন্নয়নে এলএফবির ১৩ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে সাভারের সিইটিপি আধুনিকায়ন ও নতুন দুটি সিইটিপি নির্মাণ, এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়াশিল্পাঞ্চল প্রতিষ্ঠা। পাশাপাশি পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সহসভাপতি মাহবুবুল হক ও বেলাল হোসেন, মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ, যুগ্ম সম্পাদক এ ফাত্তাহ আল মঞ্জুর এবং কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন মোহাম্মদ আবদুল হাকিম খান, মাকাউদা খাতুন, মো. বিল্লাল হোসেন, মো. সোহিব ইবনে মাহফুজ, সাফিকুল ইসলাম কায়জার, ফয়সাল মাহফুজ, মো. মিন্টু ও মোহাম্মদ জিয়াউল হক জিয়া।
Read this report in English · ইংরেজি সংস্করণ
