শীতের শুরুতেও চড়া সবজি ও মাছের বাজার, অপরিবর্তিত গরুর মাংস

প্রতিবেদন:

·

,

শীতের মৌসুম শুরু হলেও রাজধানীর বাজারে কমেনি সবজির দাম। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে, মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো মাছ কিনতেও গুনতে হচ্ছে ২০০ টাকার বেশি।

তবে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

গোল বেগুনের দাম কেজিপ্রতি ১২০ টাকা।

এ ছাড়া হাইব্রিড শসা ১০০ টাকা, দেশি শসা ১২০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ ৯০ টাকা পিস, মাঝারি ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকা পিস বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা কেজি, কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কচু ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ টাকা, শালগম ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাড্ডার বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী শহিদুল কবির বলেন, কয়েক দিন আগে সবজির দাম কিছুটা কমেছিল।

কিন্তু এখন আবার বেড়েছে। পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই বেশি। বাড়তি দামের কারণে এক কেজির বদলে আধা কেজি করে সবজি কিনতে হচ্ছে।

রামপুরা বাজারের ক্রেতা ফয়সাল আহমেদ বলেন, শীতের মৌসুমে সবজির দাম কম থাকার কথা। কিন্তু এখনো ৮০ থেকে ১২০ টাকার মধ্যে সবজি কিনতে হচ্ছে।

সবজির দাম বাড়ার কারণ হিসেবে সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন বিক্রেতারা। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগের আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যে শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।

রাজধানীর রায়ের বাজারে মাছের দামও চড়া। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, বায়লা ৩২০ টাকা, ছোট পাঙ্গাস ২০০ টাকা এবং বড় পাঙ্গাস ২৭০ টাকায়। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৫০০ টাকা।

এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫৪০ টাকা, পাবদা ৩৮০ টাকা, চাষের শিং ৩০০ টাকা, পোয়া ৩৫০ টাকা এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় মাছের দাম কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সাগরের পাঙ্গাসের দাম কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।

মাছ বিক্রেতা শাহিনুর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকা পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব বেশি কমেনি, আবার বাড়েওনি।

মাছ কিনতে আসা শফিউল আজম বলেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল এবং ২৭০ টাকা কেজি দরে পাঙ্গাস কিনেছেন। ছোট পাঙ্গাসের দাম তুলনামূলক কম বলে জানান তিনি।

মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। রায়ের বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।

মাংস বিক্রেতা মো. শিপলু বলেন, গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।

Read this report in English · ইংরেজি সংস্করণ