জিয়ানগরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদন:

·

, , ,

পিরোজপুরের জিয়ানগরে সড়কে দৌড় দিতে গিয়ে অটোরিকশার চাপায় আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহতরা হলেন মরিয়ম (৩), নোহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।