কবি নজরুল কলেজে পরীক্ষার মধ্যে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩

প্রতিবেদন:

·

,

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্র প্রাঙ্গণে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। আকস্মিক বিকট শব্দে পরীক্ষার্থী ও পরীক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলার সময় দুর্বৃত্তরা কেন্দ্র প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করে। এতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। হঠাৎ এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর ধারণ করা একটি ভিডিওতে প্রত্যক্ষদর্শীদের আতঙ্কিত অবস্থায় বলতে শোনা যায়, ‘মাত্র ককটেল মারছে। সবাই কই?’

বিস্ফোরণে আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং নিরাপত্তা জোরদার করেন।