ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অনিবার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে তিনি দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের জানিয়েছেন। তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি।
ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, সম্প্রতি কয়েকটি বৈঠকে নেতানিয়াহু নতুন করে ইরানে সামরিক অভিযানের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে একমত হয়েছেন এবং সেগুলো অনুমোদনও করেছেন। এখন কেবল অভিযান শুরুর সময় নির্ধারণের অপেক্ষা।
গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, নিজের দুর্বল হয়ে পড়া রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই তিনি যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু যখন নতুন সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন সুর। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।
অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। বছরের শুরুতে পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি। তার ভাষায়, ‘আমাদের হাতে সময় আছে।’
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন নেতানিয়াহু—এমন খবরও প্রকাশিত হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস চলতি সপ্তাহে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেক দফা হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। একই সঙ্গে ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়নও খতিয়ে দেখছেন তিনি। ওই মূল্যায়নে বলা হয়েছে, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কিছু অংশ পুনর্গঠন করেছে। পাশাপাশি রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতির আশঙ্কাও রয়েছে।
পেন্টাগনকে হামলার পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ
ইরানে নতুন হামলার বিষয়টি এখন সামরিক পরিকল্পনার পর্যায়েও পৌঁছেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা হামলার বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনার জন্য পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের পাল্টা হামলা ছাড়াই ইরানে আঘাত হানা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
ইরান নিয়ে ট্রাম্পের অবস্থানে গত কয়েক মাসে একাধিকবার পরিবর্তন দেখা গেছে। কখনো তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাতের অবসানের ইঙ্গিত দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে নিজের নীতির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করে আসছেন ট্রাম্প।
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে এমন একটি প্রস্তাব নাকচ হয়েছে, যেখানে যুদ্ধ বন্ধ করতে অথবা তা অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নিতে ট্রাম্পকে বাধ্য করার কথা বলা হয়েছিল।
ফলে ইরানে নতুন করে হামলার প্রশ্নে ওয়াশিংটন এখনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও ইসরাইলের সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।
