ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দু’টি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভউ বাসের হেলপার চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা বাসচালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার রাত থেকেই এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। দপদপিয়া এলাকায় এসে দুই বাসের চালকই একে অপরকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় দু’টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় এক হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। তারা বাসের ভেতরে আটকে পড়া চালক ও যাত্রীদের বের করে আনেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছেন, এই সড়কে বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। বৈরী আবহাওয়ায় চালকদের আরো সতর্ক থাকা উচিত ছিল। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।
Read this report in English · ইংরেজি সংস্করণ
