সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে

প্রতিবেদন:

·

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আবেদনে বলা হয়, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা নেতৃত্ব দিয়েছেন, তা জানতে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে। ওই দিন ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। অভিযোগ রয়েছে, সাবেক খতিব রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে তাকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। অন্য আসামিরা বাদীসহ মুসল্লিদের মারধর করেন। এ সময় বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, হামলার পেছনে প্ররোচনা ও আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান, হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরে কার কী ভূমিকা ছিল, তা-ও তদন্ত করতে চায় সংস্থাটি। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করা হয়।

Read this report in English · ইংরেজি সংস্করণ