গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ’লীগ নেতাসহ গ্রেফতার ৩৫

প্রতিবেদন:

·

, , , , ,

গাজীপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিএমপির পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মো: নাহিদ সরকার (৩৩) মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। এ সময় তার সহযোগী মো: আপনকেও (১৮) গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড় থেকে ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে চালকের হেফাজতে থাকা বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা ঘোরাফেরা করছিলেন। এ কাজে তার সাথে আপন ও মাহিম (১৯) ছিলেন। মাহিম ভোগড়া এলাকার বাসিন্দা ও পলাতক রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন দাবি করেছেন, আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির দেবর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে ও তাদের নিজস্ব আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে নাশকতার উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন।

এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলের বোতল জব্দ করেছে।

অন্যদিকে, জিএমপির আটটি থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে নয়জন, ছিনতাইকারী পাঁচজন ও বিভিন্ন নিয়মিত মামলায় ২১ জন রয়েছেন।

জিএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ