২২ ব্যাংকের মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা

প্রতিবেদন:

·

,

দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি ক্রমেই বাড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে পড়েছে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। এ তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মধ্যে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা।

ব্যাংকাররা বলেছেন, অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বিশাল অঙ্কের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। ফলে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার ৮০৩ কোটি টাকা। গত মার্চে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় দুই লাখ ৯৪ হাজার কোটি টাকা। দেশের বাকি ব্যাংকগুলোর মূলধনে কোনো ধরনের ঘাটতি নেই।

ব্যাংকাররা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয়েছিল, সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো। এতে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে। এ পরিস্থিতি দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

আওয়ামী লীগ সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে। একই ভাবে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংক, ওই সরকারের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের প্রিমিয়ার ব্যাংক এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও (ইউসিবি) বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ঘাটতি ৩৮ হাজার কোটি টাকা

ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ঘাটতির পরিমাণ ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের আট হাজার ৭৮২ কোটি টাকা, রূপালী ব্যাংকের পাঁচ হাজার ২৩১ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের চার হাজার ৬৯০ কোটি টাকা।

বেসরকারি আট ব্যাংকের ঘাটতি ৫০ হাজার কোটি টাকা

বেসরকারি খাতের আটটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এই খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের, ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এবি ব্যাংকের, আট হাজার ৯১২ কোটি টাকা। এরপর আইএফআইসি ব্যাংকের সাত হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ছয় হাজার ৬১৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ছয় হাজার ৭৮ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই হাজার ৩৪৪ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক হাজার ৭৮ কোটি টাকা এবং সিটিজেন ব্যাংকের ২৬ কোটি টাকা।

প্রিমিয়ার ব্যাংকের এমডি মনজুর মফিজ আমার দেশকে বলেন, গত জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের খেলাপি ঋণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। জুনে খেলাপি ঋণের হার ছিল ৩৪.৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণের চাপও কমেছে। একই সময়ে ব্যাংকের মূলধন পরিস্থিতির উন্নতি হয়েছে। জুনে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ঋণাত্মক থাকলেও সেপ্টেম্বরে তা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ব্যাংকের লোকসানও কমেছে। প্রধান কার্যালয় স্থানান্তরের ফলে পরিচালন ব্যয় কমেছে এবং গ্রাহকদের মধ্যেও ব্যাংক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

তিনি বলেন, শতভাগ স্বচ্ছতা বজায় রেখে ধাপে ধাপে ব্যাংকের পরিস্থিতির উন্নয়নে কাজ করছে বর্তমান ব্যবস্থাপনা কমিটি। আগামী বছর ব্যাংকের আর্থিক সূচকে আরো উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছি।

এ বিষয়ে ইউসিবি ও আইএফআইসি ব্যাংকের বক্তব্য পাওয়া যায়নি।

সাত ইসলামী ব্যাংকের ঘাটতি এক লাখ ৮৭ হাজার কোটি টাকা

ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ইসলামি ধারার ব্যাংকগুলোতে। গত জুন শেষে এ খাতের ব্যাংকগুলোর সম্মিলিত ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এক্সিম ব্যাংকের, ৩৪ হাজার ২৩ কোটি টাকা। এরপর ইউনিয়ন ব্যাংকের ৩০ হাজার ৮৬২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯ হাজার ৯১০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৬ হাজার ৭৩২ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাত হাজার ৪৯২ কোটি টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংকের দুই হাজার ৯০ কোটি টাকা।

দুই বিশেষায়িত ব্যাংকের ঘাটতি ৩৩ হাজার কোটি টাকা

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার ৯৫৭ কোটি টাকা।

এছাড়া বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে চার কোটি টাকা।

সিআরএআর আরো ঋণাত্মক হয়েছে

গত জুন শেষে সামগ্রিকভাবে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে। জুন শেষে এ হার দাঁড়িয়েছে ঋণাত্মক ৩.৮০ শতাংশে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩.১৭ শতাংশ। অথচ বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়। স্বাভাবিকভাবেই এ পরিস্থিতি দেশের ব্যাংক খাতের আর্থিক সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।

জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, ব্যাংকে খেলাপি ঋণ বাড়লে এর বিপরীতে উচ্চহারে প্রভিশন সংরক্ষণ করতে হয়, যা ব্যাংকের মুনাফা কমিয়ে দেয়। প্রভিশনের কারণে মুনাফা কমে যাওয়া বা লোকসান হলে ব্যাংকের মূলধন ক্ষয় হয়। ফলে খেলাপি ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের মূলধন ঘাটতি সৃষ্টি বা আরো বেড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, ব্যাংক খাতের সার্বিক মূলধন পর্যাপ্ততার হার আরো কমেছে। তবে সার্বিক চিত্র দিয়ে সব ব্যাংকের অবস্থা বিচার করা ঠিক হবে না। কারণ, ব্যাংকভেদে মূলধন পরিস্থিতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে। বেসরকারি খাতের অনেক ভালো ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। অন্যদিকে পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল। এসব ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার মারাত্মকভাবে ঋণাত্মক হওয়ায় সামগ্রিক ব্যাংক খাতের হারও নিচে নেমে গেছে।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠন ও নতুন করে মূলধন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত মূলধন সংরক্ষণের শর্ত পূরণ করতে পারছে না, সেসব ব্যাংকের মুনাফা বণ্টন নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া ব্যাংক খাতের জন্য প্রণীত আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ