‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব’
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হানকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব। ’
এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার এক ব্যবসায়ীর বাসায় গুলি চালান রায়হানের সহযোগীরা। পরে ব্যবসায়ী জাফর আহমদকে মুঠোফোনে হুমকি দেন রায়হান।
এ সময় তিনি বলেন, ‘এমনভাবে গুলি করব, পোস্টমর্টেম করা যাবে না। ’
রায়হানের ধারাবাহিক হুমকি ও চাঁদাবাজির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি এবং ব্যবসায়ীদের ফোন করে চাঁদা দাবি অব্যাহত রেখেছেন তিনি।
ফেসবুক পোস্টে যা লিখেছেন রায়হান
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ‘রায়হান আলম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে রায়হান তাঁর সহযোগীদের উদ্দেশে হুমকি দেওয়ার বিষয়ে সতর্ক করেন।
পোস্টে তিনি লেখেন, তাঁর ছোট ভাইদের দূর থেকে হুমকি দেওয়া হলেও কাছে আসার চেষ্টা করলে বাড়ি ফেরা কঠিন হবে।
তিনি আরও লেখেন, তাঁর সহযোগীরা পরিবারের সদস্যদের মতো। তাঁদের গায়ে হাত দিলে সেই হাত কেটে টুকরো টুকরো করে বাজারজাত করা হবে।
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তাঁর পালানোর কোনো সুযোগ নেই। কাকে উদ্দেশ করে তিনি ফেসবুকে হুমকি দিয়েছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রায়হানকে গ্রেপ্তার করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ী জাফর আহমদ। তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশ কেন রায়হানকে ধরতে পারছে না? তাঁর সহযোগীরা গুলি চালাচ্ছেন, অন্যদিকে রায়হান ফেসবুকে হুমকি দিয়ে যাচ্ছেন।
রায়হানের বিরুদ্ধে ১৫ মামলা
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ কারণে নিজের অবস্থান গোপন রাখতে পারছেন তিনি, যা তাঁকে গ্রেপ্তার করা কঠিন করে তুলছে।
এর আগে গত ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় পাঁচ অস্ত্রধারী প্রকাশ্যে গুলি করেন ইমতিয়াজ সুলতান নামের এক যুবককে। এতে তাঁর কোমর ও পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি ভবনে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন তিনি। ওই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।
বড় সাজ্জাদের আরেক সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গত বছরের ১৬ মার্চ ঢাকা থেকে পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে ইমতিয়াজকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী রুমা আক্তার।
