যশোরের চৌগাছা উপজেলার পাশাপোলে ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় আটক ব্যক্তিদের কাছে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাশাপোলের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আলালের ছেলে হাসান (২৮), সাহ প্রতাপ গ্রামের হানিফের ছেলে লিমন (২৭), আলোকবালী গ্রামের কামালের ছেলে হৃদয় (২৫) এবং কাউনিয়াপাড়া গ্রামের ফরিদের ছেলে সাগর (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে আটক চার ব্যক্তি পাশাপোল বাজার থেকে দশপাখিয়া বাজারের দিকে যাওয়ার সময় ইজিবাইকচালক করিম তাদের থামার সংকেত দেন। তবে তারা সংকেত অমান্য করে চলে গেলে করিম বিষয়টি দশপাখিয়া গ্রামের শওকতকে মুঠোফোনে জানান। পরে শওকত বিষয়টি গ্রামবাসীকে জানালে তারা সড়কে গাছ ফেলে সন্দেহভাজন চারজনকে আটক করেন। খবর পেয়ে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। এ সময় আটক ব্যক্তিদের কাছে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় দুইজন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বায়োজিদ মোল্লা বলেন, শওকতের বাড়িতে ইজিবাইকের ব্যাটারি খুলতে গেলে চুরির চেষ্টাকারীদের গ্রামের লোকজন আটক করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
