কুমিল্লা নগরীর স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে জেলা পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জমির ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমিটির দখল নেয় জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো: জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তিনি অর্থ আদায় করতেন।
জমিটির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন জেলা পরিষদের সাথে জিয়াউল ইসলামের মামলা চলছিল। সর্বশেষ গত মঙ্গলবার উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেয়। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটির দখল বুঝে নেয় কুমিল্লা জেলা পরিষদ।
এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানায়, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেয়ার মাধ্যমে দীর্ঘদিন বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। তবে উচ্ছেদ অভিযানের কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বলেন, ‘উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেয়া হবে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
