গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় করে ছাত্রলীগ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় এবং মাইকে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চবিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় যায়। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা এসব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এদিকে জিটি সরকারি উচ্চবিদ্যালয়ের কর্নারে সড়ক এলাকায় পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নিতে দেখা যায়। পুলিশের গাড়ি দেখে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ছাত্রলীগের বিক্ষুব্ধকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
