নাঙ্গলকোটে ঋণের কিস্তি না দেয়ায় গৃহবধূকে গ্রেফতার করালো এনজিও, পরিবারের ক্ষোভ

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের কিস্তি পরিশোধ না করতে পারায় সাজেদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা মামলায় ফাতেমা (২৪) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চারজানিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয় এবং সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী ফাতেমা চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।

ফাতেমার দাবি, তিনি সাজেদা ফাউন্ডেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন। তা সত্ত্বেও এনজিও কর্তৃপক্ষ তার কাছে অতিরিক্ত ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিল। রোববার সন্ধ্যায় এনজিওর লোকজন এসে জোরপূর্বক ১০ হাজার টাকা নিয়ে যায় এবং গভীর রাতে পুলিশ এনে তাকে ধরিয়ে দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) ইমরুল কায়েস জানান, ওই গৃহবধূর কাছে তাদের ৫০ হাজার টাকা পাওনা ছিল। টানা ৮-৯ মাস কোনো কিস্তি না দেয়ায় নিয়ম অনুযায়ী মামলা করা হয়। তার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল এবং বিষয়টি তাকে আগেই অবহিত করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিল করতে নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ,আর