বিডি গ্লোবাল ডেস্ক,
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাজেক পর্যটন সড়ক ও দীঘিনালা সড়কে দিনব্যাপী কঠোর অবরোধ পালিত হয়েছে। এ সময় ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া ও পর্যটকদের জিম্মি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়ক থেকে দীঘিনালা সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই দীঘিনালা থেকে সাজেকগামী কোনো গাড়ি ছেড়ে যায়নি। সড়কের বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে এই অবরোধ পালিত হচ্ছে।
অবরোধ চলাকালীন সময়ে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বাঁশ, ইট ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
দীঘিনালা, বাঘাইহাট ১০ নম্বর ও কাঁঠালতলী এলাকায় স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ঘোষিত এই অবরোধে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্যসচিব বিন্দু লাল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ দিনব্যাপী অবরোধের ঘোষণা দেয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে সাজেক ইউনিয়নে সশস্ত্র সংগঠনগুলোর দেশবিরোধী সন্ত্রাসী তৎপরতা, পর্যটন শিল্পে বাধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে লাগাতার অবরোধে জিম্মি করার তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত রাখা হয়। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
