বিডি গ্লোবাল ডেস্ক,
মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের দংশনে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুনিয়া আক্তার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জিএস কুতুবশাহ আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে সুনিয়ার দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছিল। আগামী রোববার তার শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ করে সামনে দাখিল পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, গত রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সুনিয়াকে বিষাক্ত সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: আনু মিয়া সাপের দংশনে মাদরাসাছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ,আর
Read this report in English · ইংরেজি সংস্করণ
