কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে নিহত ২, আশঙ্কাজনক ১

প্রতিবেদন:

·

, , , , ,

বিডি গ্লোবাল ডেস্ক,

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাদের প্রত্যেকের রয়েছে স্ত্রী ও দুটি করে কন্যাসন্তান।

পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। অনিশ্চয়তায় পড়েছে চার শিশুর ভবিষ্যৎ। একই ঘটনায় গুরুতর অসুস্থ আরেক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন দিঘলীয়া গ্রামের মহেন্দ্র নাথ হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮)। মনোতোষ পেশায় ইজিবাইকচালক ছিলেন। কৃষ্ণকান্ত রাধাগঞ্জ বাজারে অনিল বাড়ৈর সাথে যৌথভাবে ডেকোরেটরের ব্যবসা করতেন। একই ঘটনায় অসুস্থ অনিল বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোতোষ এবং রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে কৃষ্ণকান্তের মৃত্যু হয়।

গ্রাম পুলিশ সদস্য সৌরমান শেখ বলেন, পূজা শেষে প্যান্ডেলের মালামাল আনতে মনোতোষের ইজিবাইকে করে কৃষ্ণকান্ত ও অনিল মন্দিরে যান। ধারণা করা হচ্ছে, সেখানে তারা মদজাতীয় কিছু পান করেছিলেন। তবে তারা কী পান করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

কৃষ্ণকান্তের ভাই বিষ্ণু বাড়ৈ জানান, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তার ভাই অসুস্থ হয়ে পড়েন। মনোতোষের ভাই উত্তম হালদার বলেন, ‘পানির মতো কোনো তরল পান করার পর তার ভাই অসুস্থ হয়ে পড়েন।’

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার পুতুল সেন বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াদ হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ এ,আর

Read this report in English · ইংরেজি সংস্করণ