চুয়াডাঙ্গায় লাটাহাম্বার উল্টে খাদে, নিহত ১

বিডি গ্লোবাল ডেস্ক,

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (নছিমন জাতীয় যান) উল্টে খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন যানটির চালকসহ দু’জন।

সোমবার (১৯ অক্টোবর) ফজরের আজানের আগমুহূর্তে চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন যানটির চালক তারাচাঁদ ও সহযোগী শিপন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে আলমডাঙ্গার হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন ব্যবসায়ী হেলাল। পথে চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গরুবোঝাই গাড়িটি রাস্তার পাশের একটি খাদে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হেলালের ও তার দুটি গরুর। গাড়ি থাকা অন্য দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে চালক তারাচাঁদ জানান, রোববার বিকেলে ১১টি গরু নিয়ে তারা মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন। সোমবার শেষ রাতের দিকে হঠাৎ চালকের চোখে ঘুম চলে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ,আর