বিডি গ্লোবাল ডেস্ক,
মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি এসব তথ্য জানান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা পুকুরপাড়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাজিপুর বিওপির একটি বিজিবি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার টাকা।
একইদিন রাত সাড়ে ৯টার দিকে এ উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহলে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য আট লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট নয় লাখ ৫১ হাজার ২৭১ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ,আর
