বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, গুপ্ত-সুপ্ত দিয়ে যে ধরনের কথা বলছেন, সেই কথার মধ্যে দিয়ে আজকে পরাজিত শক্তি সাহস পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে। কোন সাহসের উপর ছাত্রদলের ছেলেদেরকে বলছে, কুকুরের মত তাদেরকে আপনারা মারবেন? ৫ আগস্টের বিজয়, আপনারা সেই বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন।’
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ‘সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে’র বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে গণতন্ত্রের পরিবেশ তৈরি করছে, এইখানে আপনারা লং মার্চ করছেন, আপনারা বিক্ষোভ সভা করছেন, আপনারা মঞ্চে উঠে হুংকার দিচ্ছেন—কাউকে কুকুরের মত মারবেন বলছেন, কাউকে আপনারা ধাওয়া করছেন এবং সরকারি সম্পত্তি আপনারা ধ্বংস করছেন। যেমন রাজশাহী রেলওয়ে স্টেশনে ধ্বংস করেছে এই গুপ্ত এবং সুপ্তের লোকজনরা।’
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, মিছিল করছে পরাজিত ফ্যাসিস্টরা। এইটার সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপি বলে আপনারা প্রচার করছেন, আরে ভাই তাহলে আপনারা কোন সুযোগে রেলওয়ে স্টেশন ভাঙছেন? আপনারা কোন সাহসের উপর ছাত্রদলের ছেলেদেরকে বলছে কুকুরের মত তাদেরকে আপনারা মারবেন? এটা কোন সুযোগের উপরে বলছে? আপনারা কাদের কথা বলছেন? আজকে ঢাকার বিভিন্ন জায়গায় বাংলাদেশে গাড়িতে আগুন লাগাচ্ছে কে? সিএনজিতে আগুন লাগাচ্ছে কে? ট্রেনে আগুন লাগাচ্ছে কে? আজকে আপনারাই সেই সুযোগ তৈরি করেছেন। আজকে আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, গুপ্ত-সুপ্ত দিয়ে যে ধরনের কথা বলছেন, সেই কথার মধ্যে দিয়ে আজকে পরাজিত শক্তি সাহস পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতির জন্য ৫ আগস্ট এবং এই পরিস্থিতির জন্য ওয়াসিম আকরাম, আবু সাঈদ, আহনাফ, ফাইয়াজ, মুগ্ধ—অসংখ্য তরুণ যারা নিজের জীবন দিয়েছে, যারা গুলি খেয়ে তার বন্ধুকে পানি আগিয়ে দিয়েছে, এই যে এক মহান আত্মদানের দৃষ্টান্ত, জুলাই বিপ্লব যে মহান আত্মদানের দৃষ্টান্ত, ৫ই আগস্টের বিজয়—আপনারা সেই বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন। গণতন্ত্রকে পদদলিত করে।’
Read this report in English · ইংরেজি সংস্করণ
