প্রতিবেশী দেশে পাচার রোধে জ্বালানির মূল্য সমন্বয় করেছে সরকার

জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনের কারণ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তার ভাষ্য, বৈদেশিক মুদ্রায় আমদানি করা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। একই সঙ্গে দীর্ঘদিন মূল্য সমন্বয় না করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের লোকসানে পড়েছে।

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সিদ্ধান্তটি অজনপ্রিয় হলেও সরকারকে তা নিতে হয়েছে। ২১ সেপ্টেম্বর প্রথম প্রহর থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল। এর ফলে প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল প্রতিবেশী দেশগুলোতে পাচারের আশঙ্কা তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, যা আমাদের রিজার্ভের প্রধানতম খাত—সেই মুদ্রায় কেনা জ্বালানি তেল প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার ঝুঁকির মুখে পড়েছিলাম আমরা। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে এবং পাচার বন্ধে সরকারকে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।’

জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি অব্যাহত রাখলে নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারত বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তার মতে, এতে বিধবা ও প্রতিবন্ধী ভাতার মতো কর্মসূচিগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।

বিপিসির লোকসানের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় না করায় বিপিসির লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে প্রতিষ্ঠানটির গড়ে প্রতি মাসে লোকসান হয়েছে ৩ হাজার ৮১৩ কোটি টাকা।’

তিনি জানান, বাংলাদেশকে প্রতিবছর প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয়। এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন। মূল্য সমন্বয়ের আগে ডিজেলে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান হচ্ছিল। নতুন দাম কার্যকর হওয়ার পরও প্রতি লিটারে গড়ে প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হবে বিপিসিকে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করা না হলে শুধু ডিজেলের ক্ষেত্রেই বছরে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো। সব ধরনের জ্বালানি মিলিয়ে বার্ষিক লোকসানের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাত।’

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় না করে সরকারের সামনে বিকল্প ছিল না বলেও জানান প্রতিমন্ত্রী। প্রেস ব্রিফিংয়ে তিনি প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর ডিজেলের তৎকালীন বাজারদরের তথ্যও তুলে ধরেন।

এদিকে, নতুন মূল্য কার্যকর হওয়ার পর সাধারণ মানুষের ওপর এর প্রভাব যাতে সর্বনিম্ন রাখা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এরকম একটি সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের অভিপ্রায়ে রাজনীতিতে এসেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, এটি আমি উপলব্ধি করি।’

Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।