রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা। একই সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মতিঝিল শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে যায়।
পরে তারা আবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফিরে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের ছাতা মাথায় দিয়ে অবস্থান করতে দেখা যায়। চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।
সচেতন গ্রাহক ফোরামের সচিব মুতাসিম বিল্লাহ বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের এক দফা দাবি তারা চাকরি পুনর্বহালের চাই।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবি, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ কোনো পরীক্ষা ছাড়াই প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেয়। তাদের মধ্যে অনেকে মূল সনদ ছাড়াই চাকরি পান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হলেও বেশির ভাগ কর্মকর্তা পরীক্ষায় অংশ নেননি। এতে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান।

মন্তব্য করুন