সরকারের ছয় মাসের গতি-অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

প্রতিবেদন:

·

,

বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমের সমালোচনা করে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির অভিযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, দলীয়করণ, ক্যাম্পাসে সহিংসতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতারা।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচিত সরকারের মূল্যায়নে ছয় মাস কম সময় নয়। তবে এই সময়ের মধ্যেই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করা ঠিক হবে না। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

তিনি বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সে অনুযায়ী জীবনমানের উন্নতি হয়নি। প্রশাসনের বিভিন্ন নিয়োগে দলীয় লোকজনকে নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় সরকারের সুশাসন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান কমার পাশাপাশি বেকারত্বও বেড়েছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হলেও সরকার তা শোনেনি বলেও অভিযোগ করেন মঞ্জু।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে। তবে এখন পর্যন্ত রাজনৈতিক সহনশীলতা বজায় থাকা ইতিবাচক দিক এবং সরকারের পুরো মেয়াদে এটি ধরে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। এর মধ্যে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ না করা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের বিষয় রয়েছে।

ফুয়াদ বলেন, গুম ও মানবাধিকার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ বাতিল করে আরও দুর্বল আইন করা হয়েছে। এ ছাড়া জ্বালানি খাত বেসরকারীকরণের ক্ষেত্রে সংসদে নীতিমালা প্রণয়ন ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের দাবি জানান তিনি।

Read this report in English · ইংরেজি সংস্করণ