বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের ভিত্তি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন ও শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রোববার (২৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য ভারপ্রাপ্ত স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। কায়সার কামাল আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান এবং প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে কায়সার কামাল বলেন, দেশে নারী উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের ধারাবাহিক অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার সমতা, সুশাসন ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যা এসডিজির লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
Read this report in English · ইংরেজি সংস্করণ
