‘অক্টোবরে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম’

প্রতিবেদন:

·

,

গেল অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মাসের চেয়ে বেড়েছে গড়ে ৪.৩৯ শতাংশ। ১৫টি পণ্যের মূল্য বেড়েছে গড়ে ৪ দশমিক ৩৯ ভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। কনজুমারস ফোরামের পক্ষ থেকে সংগ্রহ করা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার তথ্যে এ চিত্র দেখা গেছে।

কনজুমারস ফোরাম জানিয়েছে, তাদের পক্ষ থেকে সরাসরি কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মিনাবাজার ও স্বপ্ন সুপার শপ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে মোট ১৫ ধরনের পণ্যের মূল্য বেড়েছে। এর মধ্যে গড়ে মাছের দাম বেড়েছে ১১ দশমিক ৭২ ভাগ। মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ ভাগ।

পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ ভাগ।

জ্বালানি তেলের দাম বেড়েছে ৬ দশমিক শূন্য ২ ভাগ। চিনির দাম বেড়েছে ৪ দশমিক ৯৩ ভাগ। ভোজ্যতেল ও ডালডার দাম বেড়েছে ৪ দশমিক ৮০ ভাগ।

চালের দাম গড়ে ২ দশমিক ৬২ ভাগ বেড়েছে। আটা-ময়দায় বেড়েছে ৩ দশমিক ২৫ ভাগ। ডিমের দাম বেড়েছে ১ দশমিক ৪২ ভাগ। মাংসের দাম বেড়েছে শূন্য দশমিক ৩৮ ভাগ।

অপরদিকে, ৭টি পণ্যের মূল্য স্থিতিশীল অবস্থায় আছে। এগুলো হচ্ছে– লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা-কলম। দুটি পণ্যের দাম কমেছে। শাকসবজি ৩ দশমিক ১২ শতাংশ এবং স্বর্ণ ও রুপায় কমেছে ৪ দশমিক ৭৭ ভাগ।

যশোর, বগুড়া ও রংপুর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষি পণ্যের উৎপাদনকারীরা বলছে, তারা উৎপাদন খরচ শাকসবজি বিক্রি করে উঠাতে পারছে না। বগুড়া, রংপুরে প্রতিটি ফুল ও বাঁধাকপি ছয় থেকে ১২ টাকা, মুলা ছয় থেকে আট টাকা, লাউ একটা আট থেকে ১০ টাকা। ঢাকায় ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, মুলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কনজুমারস ফোরাম বলেছে, গত সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের মূল্য বেড়েছিল ৩ দশমিক ১৩ ভাগ। অক্টোবরে আরও বেড়েছে ৪ দশমিক ৩৯ শতাংশ। এই হিসাবে দুই মাসেই নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭ দশমিক ৫২ ভাগ। ফোরাম মনে করে, শুধু বেতন-ভাতা বাড়ালে চলবে না। এর সঙ্গে শহর-নগরে বাড়ি ও দোকান ভাড়া, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে রাখতে হবে। একই সঙ্গে মাত্রাতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা না গেলে জনমনে বিরূপ প্রভাব পড়বে। প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে সাধারণ জনগণের নিত্যপ্রয়োজনীয় উপকরণ ব্যয় ক্রয়সীমার মধ্যে রাখতে হবে।

Read this report in English · ইংরেজি সংস্করণ