হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর

প্রতিবেদন:

·

, ,

ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। নির্বাসন ভেঙে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ