শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ ইসলাম

প্রতিবেদন:

·

, ,

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পর এ দাবি জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর। ’

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সেখানে তিনি বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই। এ বিষয়ে তাঁরা প্রস্তুত রয়েছেন।

এদিকে, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

একই সঙ্গে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বিধান বিবেচনায় নিয়ে আবেদনটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।

Read this report in English · ইংরেজি সংস্করণ